ইংল্যান্ডের সাবেক অধিনায়ক, নির্বাচক ও কোচ ইলিংওয়ার্থ আর নেই

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ইংল্যান্ডের সাবেক অধিনায়ক, নির্বাচক ও কোচ রে ইলিংওয়ার্থ আর নেই। ক্যান্সারের কাছে হার মেনে তিনি মারা গেছেন ৮৯ বছর বয়সে।

খাদ্যনালীর ক্যান্সারের জন্য রেডিওথেরাপি চলছিল ইলিংওয়ার্থের। শনিবার টুইটারে তার মৃত্যুর খবর জানিয়ে শোক প্রকাশ করেছে কাউন্টি দল ইয়র্কশায়ার। তার নেতৃত্বে ১৯৬৬ থেকে তারা জিতেছিল টানা তিনটি কাউন্টি চ্যাম্পিয়নশিপ।

ইলিংওয়ার্থ ছিলেন অফ স্পিনিং অলরাউন্ডার। ১৯৫৮ থেকে ১৯৭৩ পর্যন্ত ইংল্যান্ডের হয়ে খেলেছেন ৬১ টেস্ট। দুই সেঞ্চুরিতে ২৩.২৪ গড়ে রান ১ হাজার ৮৩৬। হাত ঘুরিয়ে উইকেট ১২২টি। ইনিংসে পাঁচ উইকেট আছে তিনবার।

ইংল্যান্ডকে নেতৃত্ব দিয়েছেন তিনি ৩১ টেস্টে। জয় যেখানে ১২টি। তার অধিনায়কত্বেই ১৯৭০-৭১ মৌসুমে অস্ট্রেলিয়া থেকে অ্যাশেজ সিরিজ জিতে ফিরেছিল ইংল্যান্ড।

ইলিংওয়ার্থ ওয়ানডে খেলেছেন ৩টি। যেখানে রান কেবল ৫। উইকেট ৪টি। ১৯৭১ সালে ইতিহাসের প্রথম ওয়ানডে ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডকে নেতৃত্ব দেন তিনিই।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »