‘সবাইকে তেল দেওয়া আমার কাজ নয়’

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

ভারতের সদ্যবিদায়ী কোচ রবি শাস্ত্রী থাকাকালীন বেশি বঞ্চিত ছিলেন রবিচন্দ্রন অশ্বিন। সম্প্রতি এমনটিই বলেছেন ভারতের এই তারকা স্পিনার।

একটি অনলাইনকে দেওয়া সাক্ষাৎকারে ২০১৯ সালের অস্ট্রেলিয়া সফরের কথা টেনে এনেছেন অশ্বিন। সেই সফরের সিডনি টেস্টে কুলদীপ যাদব পাঁচ উইকেট পাওয়ার পর শাস্ত্রী বলেছিলেন, এরপর থেকে বিদেশে ভারতের এক নম্বর স্পিনার কুলদীপ যাদব।

সেই প্রসঙ্গ টেনে অশ্বিন বলেছেন, আমাদের শেখানো হয়, সতীর্থের সাফল্যে আনন্দ করতে। কুলদীপের জন্য আমার ভালো লাগছিল। তার চেয়েও বেশি ভালো লাগছিল দল জয়ের ফলে। কিন্তু কেউ আমাকে বাসচাপা দিলে কী করে টিমের সাফল্যে আনন্দ পাব? রবি ভাইকে আমি শ্রদ্ধা করি। সম্মান করি; কিন্তু সেদিন এ কথাটা শুনে মনে হয়েছিল, আমাকে কেউ বাসের নিচে ফেলে দিল।

অশ্বিনের এমন মন্তব্যে ভারতের সাবেক কোচ রবি শাস্ত্রী বলেন, অশ্বিন সিডনি টেস্টে খেলেনি। কুলদীপ দারুণ বোলিং করেছিল। তাই কুলদীপের আরও সুযোগ পাওয়া উচিত ছিল। যদি এটা অশ্বিনকে আঘাত দিয়ে থাকে, তাহলে আমি খুশি। কারণ আমি চেয়েছিলাম ও আলাদা কিছু করুক। সবার পাউরুটিতে মাখন লাগানোটা আমার কাজ নয়। প্রকৃত তথ্য প্রকাশ করা আমার কর্তব্যের মধ্যেই পড়ে।

তিনি আরও বলেন, যদি কোচ তোমাকে চ্যালেঞ্জ করে, তাহলে তুমি কী করবে? বাড়ি ফিরে কাঁদতে কাঁদতে বলবে, আমি আর ফিরে আসতে পারব না? ক্রিকেটার হলে আমি কোচের চ্যালেঞ্জ নিয়ে ভুল প্রমাণ করতে উঠেপড়ে লাগতাম। যদি আমার বক্তব্য অশ্বিনকে আঘাত দিয়ে থাকে, তাহলে আমি খুশি। এতে ওকে আলাদা কিছু করতে হয়েছিল পরবর্তীতে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »