নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
টেস্ট ক্রিকেট খেলা প্রতিটি দলই সারাবছর কারো না কারো বিপক্ষে সিরিজ খেলছে। আর এখন আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ চালু হওয়ায় শীর্ষ ৯টি দেশ একে অপরের বিপক্ষে নিয়মিত টেস্ট সিরিজ খেলছে। এক্ষেত্রে ক্রিকেটের অভিজাত ফরম্যাটটিতে খেলার খুব একটা সুযোগ পাচ্ছে না জিম্বাবুয়ে, আফগানিস্তান ও আয়ারল্যান্ড। সবচেয়ে বেশি বঞ্চিত সম্ভবত আয়ারল্যান্ড।
টেস্ট মর্যাদা পাওয়ার পর থেকে গত তিন বছরে মাত্র তিনটি টেস্ট খেলার সুযোগ পেয়েছে আয়ারল্যান্ড। আর সর্বশেষ ম্যাচ খেলেছে আড়াই বছর আগে। তাইতো এ নিয়ে আক্ষেপ ঝড়লো আইরিশ অধিনায়ক অ্যান্ডি বালবির্নির কন্ঠে। তার মতে, আয়ারল্যান্ড কেবল নামেই একটি টেস্ট খেলুড়ে দল।
একই সঙ্গে টেস্ট মর্যাদা পায় আফগানিস্তান ও আয়ারল্যান্ড। আফগানরা এরই মধ্যে ৬টি টেস্ট খেলে ফেলেছে। তাদের সঙ্গে সেরা দলগুলোও টেস্ট খেলতে আগ্রহ দেখাচ্ছে। কিন্তু আইরিশদের সঙ্গে টেস্ট খেলতে সেরা দলগুলো আগ্রহ দেখায় না বলেই অভিযোগ অ্যান্ডি বালবির্নির। সম্প্রতি এক টুইট বার্তায় তিনি বলেন, ‘টেস্ট ক্রিকেটকে দারুণ মজার মনে হচ্ছে। কেউ কি খেলবে? সত্যিই বলছি!’
আয়ারল্যান্ড যে টেস্ট খেলে তা যেন ভুলে গেছেন অনেকেই। আইরিশ অধিনায়ক বলেন, ‘আমরা টেস্ট খেলুড়ে দল বা আইসিসির পূর্ণ সদস্য হলেও এখন মনে হচ্ছে তা কেবল নামেই। বাস্তবে এটির কোনো প্রতিফলন নেই। আগামী গ্রীষ্মে আমাদের কোনো টেস্ট না খেলার তিন বছর পূর্ণ হবে।’
টেস্টে আয়ারল্যান্ডের এই নীরব উপস্থিতি দেশটির তরুণ ক্রিকেটারদের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এমন শঙ্কার কথা জানিয়ে অ্যান্ডি বালবির্নি বলেন, ‘তরুণ ক্রিকেটারদের জন্য এটা (টেস্ট খেলতে না পারা) ক্ষতিকর। বিশ্বজুড়ে দুর্দান্ত সব টেস্ট সিরিজ হচ্ছে, সারারাত জেগে অ্যাশেজ দেখছি। তখন আমি লর্ডস টেস্টের স্মৃতিতে ফিরে যাই। তরুণরা হয়তো এই অভিজ্ঞতা পাচ্ছে না। এটা হতাশার।
