নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
পাকিস্তানের লেগ স্পিনার ইয়াসির শাহের বিরুদ্ধে এক তরুণীকে ধর্ষণে সহযোগিতা করার অভিযোগ উঠেছে। এবার এটা নিয়ে মুখ খুললেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রমিজ রাজা।
পিসিবি প্রধান বলেছেন, এ ধরনের খবরের শিরোনাম হওয়া পাকিস্তান ক্রিকেটের জন্য ভালো কিছু নয়। তারকা হওয়ার কারণে ক্রিকেটারদের যে সামাজিক দায়িত্ব আছে, সেটি তাদের ভালোভাবে শেখানো হয়। খেলোয়াড়দের ভূমিকা কী হবে সে সম্পর্কে কাউন্সেলিং করানো হয়।
দুইদিন আগে ইসলামাবাদের শালিমার পুলিশ স্টেশনে ইয়াসির শাহের বিরুদ্ধে এক দম্পত্তি ধর্ষণে সহযোগিতার অভিযোগে এজাহার দায়ের করেন। এতে বলা হয়, ইয়াসির শাহ অপ্রাপ্ত বয়সী এক কিশোরীকে ধর্ষণে সহায়তা করেছেন।
এ সম্পর্কে পাকিস্তান ক্রিকেট বোর্ড চেয়ারম্যান রমিজ রাজা বলেন, ইয়াসির শাহ একজন প্রতিষ্ঠিত প্লেয়ার। আমরা এ ধরনের খেলোয়াড়দের প্রশিক্ষণ এবং শিক্ষা দেই। ক্রিকেটাররা দূতের ভূমিকায় থাকে। তাদের জানা উচিত, কোথায় এবং কার সঙ্গে মেশা উচিত।
মামলার এজাহারে আরও উল্লেখ করা হয়, তারা (দম্পত্তি) সাহায্যের জন্য ইয়সির শাহের কাছে গিয়েছিলেন। কিন্তু সম্পূর্ণ ঘটনাকে তিনি হেসে উড়িয়ে দেন। ইয়াসির শাহ তাদের প্রাণনাশের হুমকি দেন বলেও দাবি করেন তারা।
পিসিবি বোর্ড চেয়ারম্যান জানান, এখন পর্যন্ত তিনি জানেন না, আসল ঘটনা কী। তবে এ ধরনের শিরোনাম পাকিস্তানের ক্রিকেটারদের জন্য ভালো না, বিশেষ করে যখন পাকিস্তানের ক্রিকেট প্রশংসায় ভাসছে।
