নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
পাকিস্তানের তারকা পেসার শাহীন শাহ আফ্রিদি মনে করেন, পাকিস্তানের বর্তমান দলনেতা বাবর আজমের চেয়ে মোহাম্মদ রিজওয়ান ভালো অধিনায়ক। সেরা অধিনায়কদের তালিকায় বাবরকে দ্বিতীয় স্থানে রেখেছেন তিনি।
বাবর বর্তমানে তিন ফরম্যাটেই নেতৃত্ব দিচ্ছেন পাকিস্তানকে। তার অধীনে দলের সাফল্যও ভালো। রিজওয়ান দলের অন্যতম সেরা ক্রিকেটার, যিনি টেস্টে সহ-অধিনায়কের দায়িত্ব পালন করছেন। পাকিস্তানের বর্তমান পারফরম্যান্সে বাবরের নেতৃত্বের অবদানকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই। তবে শাহীন মনে করেন, বাবরের চেয়েও ভালো অধিনায়ক রিজওয়ান।
শাহীন বলেন,”রিজওয়ানের ব্যক্তিত্ব আমি পছন্দ করি। তার অধীনেই আমি ঘরোয়া ক্রিকেটে খেলা শুরু করেছিলাম এবং তাকেই আমি সেরা অধিনায়ক বলব।’’
তবে শাহীন বাবরের অবদানকে খাটো করে দেখেননি। তিনি আরও বলেন,’‘বাবর জাতীয় দলের হয়ে দুর্দান্ত করছে। তাকে আমি দ্বিতীয় স্থানে রাখব। বাবর আমার প্রিয় ব্যাটার, একইসাথে সে এক নম্বর ব্যাটার। সে অধিনায়ক হিসেবে দুর্দান্ত করছে। তার অধীনে দল অনন্য উচ্চতায় পৌঁছে গেছে।’’
রিজওয়ানের পারফরম্যান্সের কারণে অনেকেই তাকে পাকিস্তানের অধিনায়ক হিসেবে দেখার পক্ষে। গত জুলাইয়ে অবশ্য রিজওয়ান জানিয়েছিলেন, বাবরের সাম্রাজ্যে ভাগ বসাতে চান না তিনি।
রিজওয়ানের ভাষায়,’‘আমি অধিনায়কত্ব নিয়ে ভাবি না। কারণ আমার কাজ হল খেলোয়াড় হিসেবে নিজের কাজে মনোযোগ রাখা। বাবর এখন অন্যতম সেরা অধিনায়ক। আমাদের বিগত সিরিজগুলো দেখুন, দারুণ সব সিদ্ধান্ত নেয় সে। আমাদের তিন-চারজন খেলোয়াড় একসাথে করলে যা হবে, বাবরের ভাবনা-চিন্তা তার চেয়েও ভালো।”
