বিপিএলে সব ম্যাচ না খেলেও পুরো পারিশ্রমিক পেতে পারেন যারা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

দুই টেস্টের সিরিজে অংশ নিতে নিউজিল্যান্ড সফরে রয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। ১ জানুয়ারি মাউন্ট মঙ্গানুউয়ে সিরিজের প্রথম টেস্ট শুরু আর শেষ টেস্ট ম্যাচটি ৯ জানুয়ারি শুরু হয়ে ১৩ জানুয়ারি শেষ হওয়ার কথা।

কিন্তু সমস্যা হলো করোনা সংক্রমণ। নিউজিল্যান্ড সফরে গিয়ে করোনা টেস্টে পজেটিভ হয়েছেন বাংলাদেশ দলের স্পিন কোচ রঙ্গনা হেরাথ। যে কারণে সিরিজ কয়েকদিন পিছিয়েও যেতে পারে, এমন আশঙ্কা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের।

আর এমনটি হলে ২০ জানুয়ারি শুরু হতে যাওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিউজিল্যান্ড সফররত ক্রিকেটাররা হয়তো কয়েকটি ম্যাচ মিস করতে পারেন। জাতীয় দলের তারকা ক্রিকেটাররা যদি বিপিএলের কয়েকটি ম্যাচ মিসও করেন তারপরও তাদের পুরো পারিশ্রমিক পরিশোধ করা হবে।

এমনটি জানিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, বিপিএলে আমরা যে পরিকল্পনা করেছি সে অনুযায়ী না-ও হতে পারে। কাটছাঁট করা লাগতে পারে। এমনও হতে পারে- যারা ওখানে (নিউজিল্যান্ড) আছে ওদের বাদ দিয়ে বিপিএল চালু হয়ে যাবে।

বিসিবি সভাপতি আরও বলেন, নিউজিল্যান্ড থেকে আসার পর ক্রিকেটারদের ২-৪ দিনের বিরতি দেওয়া হবে। তারা পরে (বিপিএলে) যোগ দিবে এবং পুরো পারিশ্রমিক পাবে। আর্থিক কোনো ক্ষতি হলে বোর্ড তা পরিশোধ করবে। এটা করব বলিনি, তবে এমন সুযোগ আছে।’

বিপিএলে দল আর ভেন্যু কমার বিষয়ে ইঙ্গিত দিয়ে পাপন বলেন, ৩টা ভেন্যুর জন্য ৬ দিন ভ্রমণ করতে হবে। একটা ভেন্যু কমালে আমরা ২ দিন বাঁচাতে পারি। ৬টির জায়গায় ৫টি দল করলে আমরা ৪-৫ দিন সময় পাই। এগুলো নিয়ে আলোচনা হচ্ছে। ২১ ডিসেম্বর নিউজিল্যান্ড সিরিজ নিয়ে নতুন সিদ্ধান্ত জানালে তার পর বলতে পারব।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »