নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটিং র্যাংকিং তালিকার শীর্ষস্থান হারালেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।
বাবরকে টপকে টি-টোয়েন্টি ফরম্যাটে এখন সেরা ব্যাটার ইংল্যান্ডের ডেভিড মালান। শীর্ষস্থান হারিয়ে তৃতীয়স্থানে নেমে গেলেন বাবর। দ্বিতীয়স্থানে উঠলেন দক্ষিণ আফ্রিকার আইডেন মার্করাম।
সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দু’টি দ্বিপাক্ষিক সিরিজের পাঁচ ম্যাচে বড় ইনিংস পাননি বাবর। বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচে ২৭ রান করেন তিনি। আর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান সিরিজের প্রথম দুই ম্যাচে ৭ রান করেছেন বাবর। এতে টি-টোয়েন্টি র্যাংকিংয়ের শীর্ষস্থান হারান বাবর।
তৃতীয় স্থানে থাকা বাবরের রেটিং এখন ৭৮৯। শীর্ষে থাকা মালানের রেটিং ৮০৫। আর দ্বিতীয়স্থানে থাকা মার্করামের রেটিং ৭৯৬।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান সিরিজের প্রথম দুই ম্যাচে ৬৮ ও ৩১ রান করেন পাকিস্তানের হায়দার আলি। যার স্বীকৃতি হিসেবে ৮৬ ধাপ এগিয়ে ৯৮তম স্থানে উঠেছেন হায়দার।
চতুর্থস্থানেই রয়েছেন পাকিস্তানের উইকেটরক্ষক-ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। পাঁচে আছেন ভারতের লোকেশ রাহুল। ষষ্ঠ থেকে দশম পর্যন্ত স্থানে আছেন যথাক্রমে অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ, নিউজিল্যান্ডের ডেভন কনওয়ে, ইংল্যান্ডের জশ বাটলার, দক্ষিণ আফ্রিকার রাসি ভ্যান ডার ডুসেন ও নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল।
