নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
অ্যাশেজ দিয়ে লম্বা সময় পর ক্রিকেটে ফিরলেও নিজের সহজাত ক্রিকেট খেলতে পারেননি বেন স্টোকস। ব্রিসবেনে ব্যাটে-বলে ছিলেন একেবারে ব্যর্থ। ফেরার টেস্টে স্টোকসকে নিয়ে বেশি প্রত্যাশা করেছিলেন বলে জানিয়েছেন অধিনায়ক জো রুট।
আঙুলের চোট থেকে সেরে উঠারর পর মানসিক অবসাদের কারণে ক্রিকেট থেকে অনির্দিষ্টকালের জন্য বিরতি নিয়েছিলেন তিনি। যে কারণে খেলতে পারেননি আইপিএলের দ্বিতীয় পর্ব ও টি-টোয়েন্টি বিশ্বকাপের গত আসর। ফেরার টেস্টে এই ইংলিশ অলরাউন্ডারকে নিয়ে প্রত্যাশার পারদ উঁচুতে ছিল রুটের।
গ্যাবা টেস্টে স্টোকসের পারফরম্যান্স নিয়ে বলতে গিয়ে রুট বলেন,”এটা অনেক বড় জিজ্ঞাসা ছিল এবং আমিও যে কারও মতো দোষী। আমি তার কাছে অনেক বেশি আশা করেছিলাম। এর কারণ আমি তাকে একজন সুপার হিরো হিসেবে দেখি। খেয়াল করে দেখুন সর্বশেষ কয়েক বছরে সে যখন খেলেছে তখন সে কি করেছে। অন্তত একটি কিংবা দুটি সিরিজে সে অসাধারণ কিছু করেছে। সে আমাদের একাই জিতিয়েছে। যে কারণে আপনি তার কাছে আশা করে আত্মতৃপ্তি পান।”
