আগামী তিনমাস তাদের বিরক্ত করব নাঃ পাপন

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ক্রিকেট খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। একইসঙ্গে তরুণ ক্রিকেটাররা যেমন নিজেদের প্রমাণ করতে পারছেন না, তেমনি অফফর্মে আছেন অভিজ্ঞ ক্রিকেটাররাও। ফলে ধারাবাহিকভাবে ব্যর্থ হচ্ছে দল।

দল নির্বাচন নিয়ে লম্বা সময় ধরে সমালোচনা হচ্ছে। সর্বশেষ ঘরের মাঠে পাকিস্তান সিরিজে ক্রিকেটারদের পাশাপাশি সমালোচিত হয়েছে টিম ম্যানেজমেন্টও। এমন বাজে অবস্থা থেকে ঘুরে দাড়াতে বিসিবির কাছে তিন মাসের সময় চেয়েছে টিম ম্যানেজমেন্ট। তাই আগামী তিন মাস তাদের কোনো বিরক্ত করবেন না নাজমুল হাসান পাপন।

পাপন বলেন,”এই অভিজ্ঞতা হওয়ার জন্যেও তো একটা সময় দেবেন। দলের সেট আপের জন্যেও তো সময় দেবেন। নিউজিল্যান্ডে গিয়ে ওরা কী করবে কাকে নামাবে আমি জানি না। একটা সময় ওরা চেয়েছে.. তিন মাস। এই তিন মাস আমি ওদের বিরক্ত করতে চাই না। ওরা যদি দেখতে চায়, এক্সপেরিমেন্ট করতে চায়.. এতদিন তো সময় দেইনি। এখন দিচ্ছি।”

টি-টোয়েন্টি বিশ্বকাপে দলে ছিলেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমানের মতো অভিজ্ঞরা। তাদের মধ্যে এক সাকিব ছাড়া সবাই ছিলেন বিবর্ণ। তবে এতে হতাশ হচ্ছেন না পাপন। তার বিশ্বাস শীঘ্রই ফর্মে ফিরবে দল।

পাপন বলেন,”মুশফিক, সাকিব, রিয়াদের মতো ক্রিকেটাররা পারফর্ম করতে পারেনি। মুস্তাফিজ আমাদের সেরা বোলার, তারও পারফরম্যান্স নেই। ওরা তো পারফর্ম করেনি। তাই বলে কি ওরা খারাপ? ওরাই করেছে এবং ওরাই করবে। আর ওরা না করলে নতুনরা করবে। এখানে এতো দ্রুত হতাশ হওয়ার কিছু নেই।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »