নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসর মাঠে গড়াবে আগামী বছরের জানুয়ারিতে। এই আসর দিয়ে বিপিএলে অভিষেক ঘটবে প্রোটিয়া সুপারস্টার ফাফ ডু প্লেসির।
বিশ্বের নানা ফ্র্যাঞ্চাইজি লিগে দাপিয়ে বেড়ানো ডু প্লেসি এবার বিপিএল মাতাবেন কুমিল্লার হয়ে। দুইবারের শিরোপাজয়ী অঞ্চলটি ডু প্লেসির সাথে কথাবার্তা প্রায় চূড়ান্ত করে ফেলেছে। করোনার প্রথম লকডাউন চলাকালে বিপিএল নিয়ে আগ্রহ প্রকাশ করেছিলেন ডু প্লেসি। বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের সাথে এক লাইভ আড্ডায় বলেছিলেন, সুযোগ পেলে বিপিএলের খোঁজখবর রাখা হয় তার। সেই তামিমের সাথেই হয়ত খেলা হবে ডু প্লেসির।
আগামী ২০ জানুয়ারি থেকে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসর। এবারের আসরে অংশ নেবে ৬টি দল। বিপিএলের জন্য এক মাসের চেয়ে বেশি ফাঁকা সময় না থাকায় ইচ্ছা থাকা সত্ত্বেও অংশগ্রহণকারী দলের সংখ্যা বাড়াতে পারছে না বিসিবি।
