নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ঘরের মাঠে পাকিস্তান সিরিজের পর পরই নিউজিল্যান্ডে উড়াল দেবে বাংলাদেশ দল। দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ৯ ডিসেম্বর দেশ ছাড়বে মুমিনুল হকের নেতৃত্বাধীন দলটি। অবশ্য সফরের জন্য স্কোয়াড এখনো ঘোষণা করা হয়নি। নির্বাচকদের সূত্রে জানা গেছে, অন্তত ১৭ জন ক্রিকেটার যাবেন নিউজিল্যান্ডে। ১ জানুয়ারি মাউন্ট মঙ্গানুইয়ে প্রথম টেস্ট ও ৯ জানুয়ারি দ্বিতীয় টেস্ট শুরু হবে ক্রাইস্টচার্চে।
এবার নিউজিল্যান্ড সফরে মূল লড়াইয়ে নামার আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। প্রথমটি নিজেদের মধ্যে এবং দ্বিতীয়টি স্থানীয় একাদশের বিপক্ষে। কোয়ারেন্টিনের মেয়াদও কমছে এবার। ১৪ নয়, বরং ৭ দিন কোয়ারেন্টিন করতে হবে টাইগারদের।
বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন জানিয়েছেন।
নিউজিল্যান্ডে প্রস্তুতি ম্যাচ খেলার বিষয়ে বিসিবির প্রধান নির্বাহী বলেছেন, ‘আমাদের দল দুটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে। দুটি দুইদিনের প্রস্তুতি ম্যাচ হবে। একটা নিজেদের মধ্যে এবং আরেকটা নিউজিল্যান্ড ইলেভেনের সঙ্গে।’
কোয়ারেন্টিনের মেয়াদও কমিয়েছে নিউজিল্যান্ড বোর্ড। নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেছেন, ‘তিনদিন রুম কোয়ারেন্টিন করতে হবে। বাকি সময়টা ওদের যে কোয়ারেন্টিন সেন্টার, সেখানে থাকতে হবে তিন থেকে চারদিন। এরপর বাংলাদেশ দল টিম হোটেলে যাবে সবাই নেগেটিভ হওয়ার শর্তে।’
