আমিরাতের লিগে দল কিনল ম্যানইউ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

ক্রিকেটে নাম লেখাল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। আইপিএলকে টেক্কা দিতে আসা সংযুক্ত আরব আমিরাত টি-টোয়েন্টি লিগে (এমিরেটস ক্রিকেট লিগ) দল কিনেছে ম্যানইউর মালিক ল্যান্সার ক্যাপিট্যাল।

ল্যান্সার ক্যাপিট্যালের চেয়ারম্যান আভ্রাম গ্লেজার এক বিবৃতিতে এ তথ্য জানান।
তিনি বলেন, ‘আমিরাতের টি-টোয়েন্টি লিগের অংশ হতে পেরে আমি আনন্দিত। আমিরাতের এই লিগটি বিশ্বমানের হওয়ার সম্ভাবনা নিয়েই আসছে। যা এই অঞ্চলে ক্রিকেটের প্রচার-প্রসারেও বড় ভূমিকা রাখবে।’

গত মাসে আইপিএলের নতুন দুই দলের একটির মালিকানা পেতে আগ্রহ প্রকাশ করেছিলেন আভ্রাম গ্লেজার। এজন্য নিলামেও অংশ নেয় তার ক্লাব ল্যান্সার ক্যাপিট্যাল। কিন্তু শেষ পর্যন্ত নিলামে হেরে যায় তারা। লখনউ ও আহমেদাবাদ ফ্র্যাঞ্চাইজির মালিকানা কিনে নেন আরপিএসজি এবং সিভিসি ক্যাপিট্যাল।

যে কারণে আইপিএল থেকে মুখ ঘুরিয়ে আমিরাত টি-টোয়েন্টি লিগে সংযুক্ত হয়েছেন গ্লেজার।

প্রসঙ্গত, আইপিএলকে টেক্কা দিতে আসছে এমিরেটস ক্রিকেট লিগ। বলা হচ্ছে, সেখানে নাকি আইপিএলের চেয়েও বেশি টাকা উড়বে। আগামী বছরের শুরুতেই চালু হতে যাচ্ছে এই এমিরেটস ক্রিকেট লিগ।

প্রথম আসরে এতে অংশ নেবে ৬ দল। গোটা আসরই অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতের ভেন্যু শারজাহ, আবুধাবি আর দুবাইয়ে।

এতে গ্লেজার ছাড়াও দল কিনতে আগ্রহী দিল্লি ক্যাপিটালসের অংশীদারিত্ব থাকা কিরণ কুমার গান্ধী ও বিগ ব্যাশের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি সিডনি সিক্সার্স।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »