টেস্টের সাথে টি-টোয়েন্টির মেলানোয় ক্ষেপেছেন প্রিন্স

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

বিশ্বকাপের আগে-পরে টি-টোয়েন্টি সিরিজগুলোতে ব্যর্থ ছিলেন লিটন দাস। তবে টেস্টে তিনি ফিরেছেন দাপটের সাথেই। পাকিস্তানের বিপক্ষে চলতি চট্টগ্রাম টেস্টের প্রথম দিনে দলকে বিপদ থেকে রক্ষার পাশাপাশি তুলে নিয়েছেন ক্যারিয়ারের প্রথম শতক।

প্রথম দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে দলের প্রতিনিধি হয়ে হাজির হন ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স। এ সময় লিটনের টি-টোয়েন্টির পারফরম্যান্সের সাথে টেস্টের পারফরম্যান্স তুলনা করতে দেখে ক্ষেপে যান তিনি।

প্রিন্স বলেন,’‘কেন টেস্টের সাথে টি-টোয়েন্টিকে এত তুলনা করা হচ্ছে আমি বুঝতে পারছি না। দুইটা পুরোপুরি ভিন্ন। তুলনার সুযোগ নেই। কেন আমরা বারবার তুলনা করছি? এটা (ফরম্যাট অনুযায়ী ব্যাটিংয়ে মানিয়ে নেওয়া) মানসিকতার ব্যাপার।’’

লিটন চলতি বছরে টেস্টে নিয়মিতই ভালো করছেন। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সিরিজ এবং বিশ্বকাপে রানের দেখা না পেলেও টেস্টের জার্সি গায়ে জড়াতেই কীভাবে ছন্দ ফিরে পেলেন, এমন প্রশ্নেরও উত্তর দিয়েছেন ব্যাটিং কোচ।

প্রিন্স বলেন,’‘সর্বশেষ টেস্ট ছিল চার মাস আগে। এই টেস্ট শুরুর আগে সবাইকে নিয়েই কথা হয়েছে, পুরো ব্যাটিং ইউনিট নিয়ে। যেসব ম্যাচে বড় ইনিংস হয়েছে সেসব ম্যাচের কথা বলছিলাম। টেস্টের পরিকল্পনা পুরোপুরি ভিন্ন। এখানে কোনো তাড়াহুড়া নেই। লিটন ও মুশফিকের এমন ব্যাটিং লাল বলের ক্রিকেটে খুব প্রয়োজন।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »