নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সময়টা খুব একটা ভালো যাচ্ছে না অস্ট্রেলিয়ার সদ্য সাবেক টেস্ট অধিনায়ক টিম পেইনের। সম্প্রতি পুরনো একটি ইস্যু নতুন করে সামনে আসায় নেতৃত্ব ছাড়তে একপ্রকার বাধ্য হন তিনি। এবার সব ধরনের ক্রিকেট থেকে অনির্দিষ্টকালের জন্য বিরতির সিদ্ধান্ত নিয়েছেন এই উইকেটকিপার ব্যাটার।
ফলে আগামী ৮ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ঐতিহ্যবাহী অ্যাশেজ সিরিজে তাকে পাচ্ছে না ক্রিকেট অস্ট্রেলিয়া। কবে নাগাদ ক্রিকেটে ফিরবেন সে সম্পর্কেও কিছু জানাননি। টিম পেইনের ম্যানেজার জানিয়েছেন, মানসিক অবস্থা ঠিক করতেই তার এ সিদ্ধান্ত।
অথচ টিম পেইনকে অধিনায়ক করেই অ্যাশেজ সিরিজের দল ঘোষণা করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। কিন্তু কয়েকদিনের মধ্যেই পরিস্থিতি সম্পূর্ণ বদলে গেলো। শুক্রবার (২৬ নভেম্বর) নতুন টেস্ট অধিনায়ক (প্যাট কামিন্স) ও সহ-অধিনায়কেরও (স্টিভ স্মিথ) নাম ঘোষণা করেছে দেশটি। একইদিন ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানালেন টিম পেইন।
তার ম্যানেজার নিশ্চিত জানিয়েছেন, ‘মানসিক স্বাস্থ্যগত বিরতির জন্যই টিম পেইন এ সিদ্ধান্ত নিয়েছেন। আমরা পেইন ও বনির (পেইনের স্ত্রী) মানসিক স্বাস্থ্য নিয়ে খুবই সতর্ক ও চিন্তিত এবং এ বিষয়ে আর কোনো মন্তব্য করবো না।’
