মাহমুদউল্লাহর অবনতি, আফিফের উন্নতি

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

বিশ্বকাপ ও ঘরের মাঠে পাকিস্তানের বিরুদ্ধে সিরিজে দলগতভাবেই বাজে পারফরম্যান্স ছিল বাংলাদেশের। তবে ব্যক্তিগতভাবে পাকিস্তানের বিরুদ্ধে ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন আফিফ হোসেন ধ্রুব। ফলে র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে তার। তবে অবনতি হয়েছে টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ও ওপেনার নাঈম শেখের।

গত বুধবার র‌্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা। পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন আফিফ। ১০০ স্ট্রাইক রেটে ৭৬ রান করার সুবাদে বাঁহাতি এই ব্যাটসম্যান তালিকার সেরা একশতে ঢুকেছেন। ২৯ ধাপ এগিয়ে আছেন ৮৫তম স্থানে। নাঈম তিন ধাপ পিছিয়ে আছেন ২৩ নম্বরে।

মাহমুদউল্লাহ তিন ম্যাচে করেছেন ৩১। এর ফলে এক ধাপ নিচে নেমে টাইগার অধিনায়কের অবস্থান ৩০তম স্থানে। ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে শেখ মেহেদির।

টি-টোয়েন্টির ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে বড় উন্নতি হয়েছে মার্টিন গাপটিলের। ভারতের বিরুদ্ধে হেরে যাওয়া সিরিজে দুই ফিফটিতে করেন ১৫২। এতে র‌্যাঙ্কিংয়ে সেরা দশে ফিরেছেন নিউজিল্যান্ড ওপেনার। তিন ধাপ এগিয়ে আছেন ঠিক ১০ নম্বরে। আগের মতোই শীর্ষস্থানে আছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »