নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আইসিসি নারী দলের ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ব্যাট হাতে শতক হাঁকিয়েছেন বাংলাদেশ নারী দলের ওপেনার শারমিন আক্তার সুপ্তা। ওপেনিংয়ে ব্যাট করতে নেমে ইনিংসের শুরু থেকে শেষ পর্যন্ত খেলে ১৩০ রানে অপরাজিত ছিলেন তিনি। তবে শারমিন আক্তার সুপ্তার ইতিহাসের খাতায় নাম লেখা হলো না। কারণ, বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচটি ওয়ানডে ক্যাটাগরির হলেও যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচটি ছিল লিস্ট ‘এ’।
২০১৩ সালে ভারতের বিপক্ষে ৭৫ রানের ইনিংস খেলেছিলেন সাবেক অধিনায়ক সালমা খাতুন। এবং এটিই ছিল বাংলাদেশের নারীদের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। সেক্ষেত্রে শারমিন আক্তার সুপ্তার এ সেঞ্চুরিটি রেকর্ড গড়ার মতো ইনিংস ছিল।
ম্যাচটি আন্তর্জাতিক ওয়ানডে হলে ইতিহাসে নাম লেখা হতো সুপ্তার। তবে শতক হাঁকিয়েও সেটি পাচ্ছেন না তিনি। আইসিসি নিয়ম অনুযায়ী মেয়েদের কোন ম্যাচ ওয়ানডে মর্যাদা পেতে হলে উভয় দলের ওয়ানডে স্ট্যাটাস থাকতে হবে। বিশ্বকাপ বাছাইপর্বের এ ম্যাচে বাংলাদেশের ওয়ানডে স্ট্যাটাস থাকলেও যুক্তরাষ্ট্রে নেই। যার ফলে ম্যাচটি লিস্ট ‘এ’ ক্যাটাগরির।
আন্তর্জাতিক ওয়ানডে সেঞ্চুরির মর্যদা না পেলেও দারুণ এক ইনিংস খেলেছে বাংলাদেশের ব্যাটার শারমিন আক্তার সুপ্তা। শুরু থেকে শেষ পর্যন্ত মাঠে থেকে ব্যাট হাতে ১৪১ বল মোকাবেলা করে অপরাজিত ১৩০ রান করেছেন তিনি। তার এ ইনিংসে কোন ছক্কার মার না থাকলেও ছিল ১১টি বাউন্ডারির মার।
এদিকে, শারমিন আক্তার সুপ্তার সেঞ্চুরির উপর ভর করে দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছে বাংলাদেশের মেয়েরা। যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৫ উইকেটে ৩২২ রানের সংগ্রহ গড়েছে টাইগ্রেসরা। যা নারী ওয়ানডে ফরম্যাটে দলীয় সর্বোচ্চ রানের ইনিংস।
এর আগের বাংলাদেশি মেয়েদের সর্বোচ্চ দলীয় রানের ইনিংস ছিল ২১১ রান। লাহোরে পাকিস্তানের বিপক্ষে এ সংগ্রহ গড়েছিল বাংলাদেশের মেয়েরা।
