নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বিশ্বকাপের সেমিফাইনালের গুরুত্বপূর্ণ সময়ে ক্যাচ ফেলে সবার কাছে রীতিমতো ঘাতক বণে গিয়েছিলেন তিনি। ট্রল সমালোচনাও নেহাত কম হয়নি এই ক্রিকেটারকে নিয়ে।
বোলিং হাতে তার পারফরম্যান্স বিশ্বকাপে পাকিস্তানকে আশানুরূপ কোন ফল দিতে পারিনি। তাই নিজেকে প্রমাণ করার মঞ্চ হিসেবে বাংলাদেশের সিরিজটাকে বেছে নিয়েছেন হাসান আলী।
শুক্রবার (১৯ নভেম্বর) প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ৪ উইকেটে হারিয়েছে পাকিস্তান। দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল হাসানের। ম্যাচে ৪ ওভারে ২২ রানের বিনিময়ে এই ডানহাতি পেসার শিকার করেছেন ৩ উইকেট। যার ফলে তাঁর হাতে উঠেছে ম্যাচ সেরার পুরষ্কার।
ম্যাচ শেষে হাসান বলেন, ‘আমি আমার সকল ভক্ত সমর্থককে ধন্যবাদ দিতে চাই। যারা বিশ্বকাপ থেকে আমাকে সমর্থন জুগিয়ে আসছেন। সারা বিশ্বে আমার যে ভক্ত সমর্থক আছে তাদেরকে আমি আমার আজকের ম্যাচ সেরার পুরষ্কার উৎসর্গ করতে চাই।’
ডানহাতি এই পেসার আরও বলেন, ‘আমি বিপিএলেও এখানে এসেছি এবং জানি যে এখানকার উইকেট সাধারণত ধীরগতির হয়। তাই আমি বৈচিত্রসহ স্ট্যাম্প টু স্ট্যাম্প বোলিং করেছি এবং সাফল্য পেয়েছি।’
সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান দল হিসেবে দারুণ পারফরম্যান্স করলেও আসরে একেবারে সাদামাটা ছিলেন হাসান। ৬ ম্যাচ খেলে শিকার করেছেন ৫ উইকেট।

তাছাড়া অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে খরুচে বোলিংয়ের পাশাপাশি ফেলেছিলেন সহজ ক্যাচ। যার ফলে পাকিস্তানি সমর্থকদের চোখে খলনায়ক বনে গিয়েছিলেন এই ডানহাতি পেসার।
