২০২২ বিশ্বকাপ খেলবে না নিউজিল্যান্ড

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

আগামী বছর সুপার জায়ান্ট এক দলকে ছাড়াই বসবে বিশ্বকাপ আসর। বছর দুয়েক পর ২০২২ সালে অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে দেখা যাবে না কিউই যুবাদের। তাদের জায়গায় খেলবে স্কটল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল। নিউজিল্যান্ডে এখনও পুরোপুরি শিথিল হয়নি করোনাভাইরাসজনিত বিধিনিষেধ। বিশেষ করে অন্য দেশ থেকে কেউ নিউজিল্যান্ডে গেলে পালন করতে হয় কঠোর কোয়ারেন্টাইন।

মূলত এ কারণেই আগামী বছরের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ থেকে নিজেদের নাম সরিয়ে নিয়েছে কিউইরা। এর ফলে কপাল খুলে গেছে স্কটল্যান্ডের। প্রাথমিকভাবে ইউরোপ অঞ্চলের বাছাইপর্ব পেরোতে না পারলেও, নিউজিল্যান্ড সরে দাঁড়ানোয় ১৬তম দেশ হিসেবে নেওয়া হয়েছে স্কটল্যান্ডকে। তাদের রাখা হয়েছে ডি গ্রুপে। যেখানে অন্য তিন দল স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা।

এদিকে আগামী ১৪ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত হবে যুব বিশ্বকাপের ১৪তম আসরটি। চার গ্রুপে ভাগ হয়ে লড়বে ১৬টি দল। ক্যারিবীয় দ্বীপপুঞ্জের চারটি দেশ অ্যান্টিগা এন্ড বারবুদা, গায়ানা, সেইন্ট কিটস এন্ড নেভিস ও ত্রিনিদাদ এন্ড টোবাগোর ১০টি মাঠে হবে সব খেলা।

এই বিশ্বকাপ দিয়ে পুরুষদের বিশ্ব আসরে অভিষেক হতে চলেছে উগান্ডার। তারা রয়েছে বি গ্রুপে, বর্তমান রানার্সআপ ভারত, দক্ষিণ আফ্রিকা ও আয়ারল্যান্ডের সঙ্গে। বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ রয়েছে এ গ্রুপে। যেখানে অন্য তিন দল ইংল্যান্ড, কানাডা ও আরব আমিরাত।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »