নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ দিয়ে করোনার পরে আবারো মাঠে দর্শকদের প্রবেশাধিকার শুরু হচ্ছে। তবে দর্শকদের এই সিরিজের টিকিট কিনতে হবে সশরীরে।
বিসিবির নির্দিষ্ট বুথ থেকে টিকিট কিনতে হবে। ম্যাচের আগের দিন পাওয়া যাবে টিকিট, আসন ফাঁকা থাকা সাপেক্ষে পাওয়া যেতে পারে ম্যাচের দিনও। তবে মাঠে বসে খেলা দেখতে হলে করোনার ভ্যাকসিনের দুটি ডোজ গ্রহণ করতে হবে। অর্থাৎ, দুই ডোজ ভ্যাকসিন গ্রহণকারীরাই শুধু মাঠে বসে খেলা দেখার সুযোগ পাচ্ছেন। টিকিট কেনার সময় প্রয়োজন না হলেও মাঠে প্রবেশের সময় করোনা টিকা গ্রহণের সনদ দেখাতে হবে। সেই সাথে মাস্ক পরিধান বাধ্যতামূলক।
বিভিন্ন ক্যাটাগরির টিকিট মূল্য হবে সর্বনিম্ন ১০০ টাকা থেকে শুরু করে ১ হাজার টাকা পর্যন্ত। সর্বশেষ ২০২০ সালের মার্চে জিম্বাবুয়ে সিরিজ মাঠে বসে দেখার সুযোগ পেয়েছিলেন দর্শকরা।
