বাংলাদেশ ম্যাচই বদলে দিল অস্ট্রেলিয়াকে!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার সমান ৮ পয়েন্ট নিয়েও দক্ষিণ আফ্রিকা সেমিফাইনালে যেতে পারেনি শুধুমাত্র রানরেটের কারণে। শেষ ম্যাচের প্রেস কনফারেন্সে বাংলাদেশকে কয়েক আগের ওভার আগে হারাতে না পারার আক্ষেপ প্রকাশ করেন প্রোটিয়া হেড কোচ মার্ক বাউচার। কেননা বাংলাদেশকে মাত্র ৬.১ ওভারে হারানোর ফলে রানরেট বেশভালো ছিল অস্ট্রেলিয়ার। তাই পৌছে যায় সেমিফাইনালে।

সে ঘটনা এখন অতীত। তবে শিরোপার মঞ্চে এসে এই অতীতকেই ফের মনে করালেন অজি হেড কোচ জাস্টিন ল্যাঙ্গার। যেই ম্যাচে দলের ভেতর প্রথমবারের মতো ভয়ডরহীন মানসিকতা দেখেছিলেন তিনি। সেই ধারাবাহিকতা অজিরা বজায় রাখে সেমিফাইনালেও। এবার একই ভাবে ফাইনালেও নিউজিল্যান্ডকে ঘায়েল করে অস্ট্রেলিয়া ইতিহাসের অনন্য আক্ষেপটিকে চিরতরে মিটিয়ে দিতে চান ল্যাঙ্গার।

শুক্রবার অজি হেড কোচ বলেন, ‘টি-২০ তে প্রায় সব দলই ভয়ডরহীনের কথা বলে। তবে প্রথমবারের মতো আমি সেটা দেখেছি, যখন বাংলাদেশের বিপক্ষে রান তাড়া করে জিতি। আমার মনে হয় টুর্নামেন্ট জেতার জন্য এটাই আসল নকশা। একই সঙ্গে সাদা বলের ক্রিকেটে অস্ট্রেলিয়ার ভবিষ্যতেরও। আমরা যদি এই টুর্নামেন্ট জিততে চাই তাহলে আমাদের বাংলাদেশের ম্যাচের মতোই খেলতে হবে। ব্যাটিং আগে হোক বা পরে ভয়ডরহীন ও আগ্রাসন থাকাটা খুবই গুরুত্বপূর্ণ।’

ফাইনালের ভেন্যু দুবাই স্টেডিয়াম, যেখানে পরে ব্যাট করা দলই হেসেছে বেশিরভাগ। যদিও সেমিফাইনালে টস জিতে আগে ব্যাটিং নেয়ার পরিকল্পনা ছিল অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চের।

ল্যাঙ্গার বলেন, ‘ফিঞ্চের ভাবনায় ছিল আগে ব্যাটিং নেওয়া কারণ এটা বড় ফাইনাল। পরিসংখ্যানকে কখনো অস্বীকার করা যায় না, এ ব্যাপারে কোনো প্রশ্নও নেই। তবে পাকিস্তানের বিপক্ষে সেটি অন্যদিকেও যেতে পারত যখন আমরা ৯৬ রানে ৫ উইকেট হারিয়েছিলাম। তাই আগে বোলিং বা ব্যাটিং যেটাই করি না কেন, যেকোনো পরিস্থিতিতে জিততে পারার মানসিকতা থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। ফাইনালেও তা-ই করতে হবে।’

বিশ্বকাপের আগে মার্কাস স্টয়নি ও ম্যাথু ওয়েডের ফর্ম নিয়ে কথা হচ্ছিল। দিনশেষে তারাই অস্ট্রেলিয়াকে ফাইনালে নিয়ে যাওয়ার কারিগর। অবিচ্ছিন্ন ৮১ রানের জুটিতে এক ওভার রেখেই শেষ করেন। এই একটা ফরম্যাটে বরাবরই আন্ডারডগ অস্ট্রেলিয়া। দেখা যাক রবিবার সেই তকমা ঘুচিয়ে ফেভারিটের খাতায় নাম লেখাতে পারে কি না।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »