নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
টি-টোয়েন্টির বিশ্বকাপের প্রথম দুটি ম্যাচ হেরে যায় ভারত। এর মধ্যে প্রথম ম্যাচটি পাকিস্তানের বিপক্ষে ১০ উইকেটের বিশাল ব্যবধানে পরাজিত হয় টিম ইন্ডিয়া। যা মেনে নিতে পারেনি দেশটির সমর্থকরা। সেই জের ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে অধিনায়ক বিরাট কোহলি ও অভিনেত্রী আনুশকা শর্মার ৯ মাস বয়সী কন্যাকে ধর্ষণের হুমকি দেওয়া হয়।
ধর্ষণের হুমকি দেওয়া সেই অভিযুক্তকে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ। ২৩ বছর বয়সী ওই ব্যক্তির নাম রামনাগেশ শ্রীনিবাস আকুবাথিনী। তিনি পেশায় একজন সফটওয়ার ইঞ্জিনিয়ার এবং বর্তমানে বেকার। তার বাড়ি ভারতের হায়দ্রাবাদে।
পুলিশ সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, রামনাগেশ আগে একটি ফুড ডেলিভারি অ্যাপে কাজ করতো। সম্প্রতি সে টুইটারে বিরাট-আনুশকার কন্যা ভামিকাকে ধর্ষণের হুমকি দিয়ে পোস্ট করে। যদিও পরে পোস্টটি ডিলিট করে দেওয়া হয় এবং নিজের টুইটার হ্যান্ডেলের পরিচিতিও বদলে ফেলেন এই অভিযুক্ত। এমনকি নিজেকে একজন পাকিস্তানি টুইটার ব্যবহারকারী প্রমাণ করার জন্য প্রোফাইল বদলে ফেলেন রামনাগেশ।
বুধবার বিকেলে তাকে মুম্বাই নিয়ে এসেছে পুলিশ।
