বাঁচা-মরার ম্যাচে মাঠে নামছে নিউজিল্যান্ড-ইংল্যান্ড

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

সেটা ছিল ফাইনাল, এবার তার আগের ধাপ। রং চড়ছে কিন্তু আড়াই বছর আগের লর্ডসের গৌরবময় সেই ফাইনালকে কেন্দ্র করেই। সেই স্মরণীয় বিকেলে লর্ডসে যে নাটকের পর নাটক মঞ্চস্থ হয়েছিল, তার ছিটেফোঁটাও যদি আবুধাবিতে ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড ম্যাচে হয়, তাহলেই টি২০ বিশ্বকাপ ঘিরে উন্মাদনা তুঙ্গে পৌঁছে যাবে। ক্রিকেটপ্রেমীরাও তেমন একটি দম বন্ধ ম্যাচের প্রতীক্ষায়। যদিও সেমির আগে ইংল্যান্ড শিবির কিছুটা চোটাক্রান্ত। এর পরও ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে চ্যাম্পিয়ন ইয়ন মরগানের দলই ফেভারিট। নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসনও নিজেদের ‘আন্ডারডগ’ই মনে করছেন। তাই বলে আপসেট ঘটানোর আশা ছাড়ছেন না তিনি। আবুধাবিতে লর্ডসের প্রতিশোধ নিয়ে ১৪ নভেম্বর দুবাইয়ের ফাইনালে জায়গা করে নিতে চান উইলিয়ামসন।

২০১৯ সালের ১৪ জুলাই বিকেলে ক্রিকেট তার সব রং নিয়ে হাজির হয়েছিল লর্ডসে। নাটকের পর নাটকে দর্শকদের দম বন্ধ হওয়ার উপক্রম হলেও ক্লাইম্যাক্স শেষ হচ্ছিল না। ৫০ ওভারের পর সুপার ওভারেও টাই হয়েছিল স্কোর। সুপার ফাইনালে শেষ পর্যন্ত ইংল্যান্ড চ্যাম্পিয়ন হয়েছিল বাউন্ডারি বেশি মারায়। সেই শিরোপা ইংল্যান্ডকে যেন আরও আগ্রাসী করে তুলেছে। বিশেষ করে টি২০ ফরম্যাটে তারা যে ব্র্যান্ডের ক্রিকেট খেলে, তা বিরল। ওয়েস্ট ইন্ডিজকে গুঁড়িয়ে দিয়ে এবার সুপার টুয়েলভ সূচনা করে তারা। এরপর বাংলাদেশ, অস্ট্রেলিয়াও তাদের সামনে দাঁড়াতে পারেনি। শ্রীলঙ্কার বিপক্ষে তারা টসে হেরে ব্যাটিংয়ে নেমে কয়েকটি উইকেট হারিয়ে চাপে পড়ে গেলেও বাটলার দুর্দান্ত এক সেঞ্চুরি করে দলকে উদ্ধার করেন। এই ম্যাচ দিয়ে ইংল্যান্ডের ব্যাটিং গভীরতারও প্রমাণ মেলে। শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরে গেলেও শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে মরগানের দল। ইংলিশদের এই দাপটের অন্যতম কারিগর ওপেনার জেসন রয় সেমির আগে ছিটকে গেছেন। তার বদলি হিসেবে জেমস ভিন্সকে নেওয়া হয়েছে। তাদের পেস বোলিংয়ের প্রধান অস্ত্র তাইমাল মিলসও ছিটকে গেছেন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »