নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
টি-২০ ক্যাপ্টেন্সি থেকে অব্যহতি নিলেন। তবে আগের মতোই আগ্রাসন নিয়ে মাঠে নামবেন, জানিয়ে দিলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। নামিবিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের শেষ ম্যাচের পর কোহলি স্পষ্ট জানান, যেদিন পরিচিত আগ্রাসন হারিয়ে বসবেন, খেলা ছেড়ে দেবেন সেদিনই।
কোহলি আগেই জানিয়েছিলেন, টি-২০ বিশ্বকাপের পরেই সংক্ষিপ্ত ফর্ম্যাটে টিম ইন্ডিয়ার নেতৃত্ব ছেড়ে দেবেন। সেই মতো নামিবিয়া ম্যাচটিই ছিল টি-২০ ফর্ম্যাটে ভারত অধিনায়ক হিসেবে বিরাটের শেষ ম্যাচ। এর পর নতুন অধিনায়কের অধীনে বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবে খেলতে নামবেন তিনি।
ক্যাপ্টেন্সি ছাড়া প্রসঙ্গে কোহলি বলেন, ‘এটা এক ধরণের স্বস্তি। আমি আগেই বলেছি, এটা আমার কাছে অত্যন্ত সম্মানের। তবে নিজের ওয়ার্কলোড ম্যানেজ করার এটাই সঠিক সময়। গত ৬-৭ বছর ধরে একটানা ক্রিকেটে নিজেকে নিংড়ে দিতে হচ্ছে। তবে যাত্রাটা দারুণ মজাদার ছিল। আসাধারণ সব ছেলেদের নিয়ে আমরা দল হিসেবে দারুণ পারফর্ম করেছি। আমি জানি যে বিশ্বকাপে আমরা খুব বেশিদূর যেতে পারিনি। তবে টি-২০ ক্রিকেটে আমরা ভালো খেলেছি এবং একসঙ্গে খেলা উপভোগ করেছি। প্রথম দু’টো ম্যাচে আমরা সাহসী হতে পারিনি। তবে ব্যর্থতার জন্য টস হারাকে দায়ী করার মতো দল আমরা নই।’
