নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
অনেক আশা, রঙিন স্বপ্ন নিয়ে মরুর বুকে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে এসেছিল বাংলাদেশ দল। মরুভূমির মরীচিকার মতোই যেন সবকিছু হারিয়ে গেলো। দূর হতে দেখা গেলেও ধরা দেয়নি কিছুই। আইসিসি সহযোগী দেশগুলোর সঙ্গে প্রাণপণ লড়াইয়ের পর বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বে এসেছিল মাহমুদউল্লাহ রিয়াদের দল। কিন্তু আগের ৫ আসরের মতোই মূল পর্বে হারের বৃত্ত ভাঙা সম্ভব হয়নি।
ইতিমধ্যে বিশ্বকাপ থেকে টাইগারদের বিদায়ের ঘন্টা বেজে গেছে। দেশজুড়ে সমর্থকরা হতাশ। এমন হতশ্রী পারফরম্যান্সে আমিরাতের প্রবাসীরাও মুখ ফিরিয়ে নিয়েছেন। দলটা আছে সমালোচনার তোপে। কোচদের মুন্ডুপাত চলছে বিরামহীনভাবে। বাদ যাচ্ছে না দেশের ক্রিকেটের অভিবাবক সংস্থা বিসিবিও। গত কয়েকদিন ধরে বোর্ড কর্তাদের পদত্যাগের দাবিও উঠছে যত্রতত্র।
সংবাদ সম্মেলনে হেরাথ বলেছেন, ‘সুপার টুয়েলভ পর্বে উঠায় আমাদের উচিত বাংলাদেশ দলের প্রশংসা করা। আমরা শ্রীলঙ্কার বিপক্ষে ভালো খেলেছি। দুর্ভাগ্যক্রমে আমরা ম্যাচটা হেরে গেছি। আমার মনে হয় আমাদের তিন বিভাগেই উন্নতি করতে হবে। কোচিং ইউনিটের সবাই এসব চ্যালেঞ্জের দিকেই তাকিয়ে আছি।’
মূল পর্বে টানা ৪ ম্যাচ হেরে বিদায় নিশ্চিত হয়েছে বাংলাদেশের। তবে বিশ্বকাপ মিশনটা ভালো কাটেনি এটা স্বীকার করেছেন হেরাথ। তিনি বলেছেন, ‘বিশ্বকাপে আমাদের সময়টা ভালো কাটেনি এখন পর্যন্ত। এটা খেলার অংশ। দল হিসেবে এবং ব্যক্তিগতভাবে আমরা কীভাবে উন্নতি করবো, সেদিকে নজর দিতে হবে আমাদের। এটা কোচদের চ্যালেঞ্জ। কিন্তু এরা সবাই ভালো পারফর্ম করার সামর্থ্য রাখে। আমাদের আরেকটা ম্যাচ আছে। আমি নিশ্চিত ছেলেরা নিজেদের সেরাটা দেবে।’
বিশ্বকাপ পর্যন্তই বিসিবির সঙ্গে চুক্তিবদ্ধ ছিলেন হেরাথ। তবে লঙ্কান এই কোচ বলেছেন, এখন সামনের দিকে এগিয়ে যাওয়ার পথ খুঁজতে হবে বাংলাদেশকে। তিনি বলেছেন, ‘পাকিস্তান, নিউজিল্যান্ডের বিপক্ষে পরের সিরিজগুলোর জন্য আমাদের প্রস্তুত হতে হবে। আমাদেরকে উইনিং কম্বিনেশন এবং জয়ের আত্মবিশ্বাস ফিরে পেতে হবে। বাংলাদেশ ক্রিকেটের এগিয়ে যাওয়ার পথ নিয়ে আমাদের চিন্তা করা উচিত।’
