নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
টি টুয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে নিজেদের প্রথম চারটি ম্যাচই হেরে ইতোমধ্যে বিশ্বকাপ আসর ২০২১ থেকে বাদ পরেছে বাংলাদেশ। অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের মতে শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দুইটি জিতলে এখনকার পরিস্থিতি এমন হতো না।
চলতি বিশ্বকাপের শুরু থেকেই একেরপর এক ব্যর্থ টাইগাররা। স্কটল্যান্ডের কাছে হেরে টুর্নামেন্ট শুরু হয় হয়। ওমান ও পাপুয়া নিউগিনির বিপক্ষে জয় পেলেও মূল পর্বে এসে আর জয়ের স্বাদ পায়নি বাংলাদেশ। ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার কাছে বড় ব্যবধানে পরাজিত হলেও অবশ্য শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে এক পর্যায়ে বাংলাদেশের হাতেই ছিল। কিন্তু শেষ পর্যন্ত তাও ব্যর্থ। নিজেদের ভুলেই ম্যাচ দুইটি হেরে বসে মাহমুদউল্লাহ রিয়াদের দল।
টস হেরে ব্যাট করতে নেমে মাত্র ৮৪ রানেই অলআউট হয় লিটন সৌমরা। জবাবে ৩৯ বল ও ৬ উইকেট হাতে রেখে দাপুটে জয় পেয়ে যায় দক্ষিণ আফ্রিকা। অবশ্য এই ম্যাচে প্রতিপক্ষ উইকেটের সহায়তা বেশি ভোগ করেছে, বলছেন রিয়াদ।
তিনি বলেন “আমার মনে হয়, আগে বোলিং করার জন্য জন্য উইকেট বেশ ভালো ছিল। আমরাও মাঝের ওভারগুলোতে ভালো খেলতে পারিনি। আমাদের ব্যাটিং খুবই বাজে হয়েছে। তবে এটি বলতেই হচ্ছে যে, উইকেটেরও এখানে বড় ভূমিকা ছিল।”
টুর্নামেন্ট থেকে বাদ পরার পর, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দুটি নিয়ে আক্ষেপ করে রিয়াদ বলেন, “এটি খুব হতাশাজনক। কিন্তু আমরা দুইটি ম্যাচ জিততে পারতাম। যদি ওই ম্যাচ দুইটি আমরা জিততাম, তাহলে কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন হতো।”
অবশ্য উইকেট নিয়ে রিয়াদের কথায় সামিল দিয়েছেন ম্যাচসেরা ক্রিকেটার কাগিসো রাবাদা। ৪ ওভারে ২০ রান খরচ করে তিনটি উইকেট শিকার করা রাবাদা অকপটে স্বীকার করেন উইকেটের সহায়তার কথা। তিনি বলেন,
“উইকেট পেসারদের সহায়তা করেছে। আমি খুশি যে আজকের দিনটি আমার ছিল। সবসময়ই আমরা অনুশীলনে সুযোগ কাজে লাগিয়ে চেষ্টা করি এবং মাঠে সেটিই প্রতিফলন ঘটাই। আমরা সবসময়ই অনুশীলনে কঠোর পরিশ্রম করি এবং এই যে তার মূল্যও পেলাম আজ। বল সুইং করতে দেখলে খুবই ভালো লাগে, বিশেষ করে টি-টোয়েন্টি ক্রিকেটে। এখানে উইকেটে বেশ বাউন্সও ছিল, কিছু বল পিছলে যাচ্ছিল।”
