মিরপুর উইকেটের সমালোচনায় জাম্পা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

 

বিশ্বকাপ শুরুর কিছুদিন আগে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে সফর করে অস্ট্রেলিয়া। পূর্নশক্তির দল না পাঠানোর ফলে ৪-১ ব্যবধানে সিরিজ হেরেছিল সফরকারী অস্ট্রেলিয়া। মিরপুরের উইকেটে তেমন সুবিধা না পাওয়ায় রীতিমতো ভুগতে হয়েছে অজি ব্যাটারদের। অস্ট্রেলিয়া দলের সঙ্গে সফরকারী লেগ স্পিনার এডাম জাম্পা জানালেন, ঢাকার উইকেট একেবারে জঘন্য।

মিরপুরের স্লো এবং টার্নি উইকেটে দাপট দেখাতে পেরেছে কেবল স্পিনাররাই। যেখানে নিজেদের মেলে ধরার সুযোগই পাননি ব্যাটাররা। অজিদের বিপক্ষে পুরো সিরিজে একবারও দেড়শ রান চুইতে পারেনি কোন দল। যেখানে সর্বোচ্চ ১৩১ রান করেছিল বাংলাদেশ। সেটিও তাড়া করতে গিয়ে হেরেছিল অস্ট্রেলিয়া।

মিরপুরে স্লো এবং টার্নিং উইকেটে খেলতে হলেও আরব আমিরাতের স্টেডিয়ামে তেমন উইকেটে খেলতে হবে না বলে বিশ্বাস করেন জাম্পা। সুপার টুয়েলভে নিজেদের চতুর্থ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে লড়াইয়ের আগে দ্বিপাক্ষিক সিরিজের কথা বলতে গিয়ে জাম্পা মন্তব্য করেছেন যে, ঢাকার উইকেট সবচেয়ে জঘন্য।

এ প্রসঙ্গে জাম্পা বলেন, ‘ঢাকার উইকেট সম্ভবত আন্তর্জাতিক উইকেটগুলোর মাঝে সবচেয়ে জঘন্য। এটা আমাদের বিপক্ষে, বিশেষ করে অস্ট্রেলিয়ার হয়ে আমার সময়গুলোতে। আমি মনে করি না যে এখানে এতটা খারাপ উইকেট দেখতে পাবো।’

সুপার টুয়েলভের প্রথম দুই ম্যাচে শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকাকে হারালেও ইংল্যান্ডের কাছে হেরে যায় অস্ট্রেলিয়া। তাতে বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি তাদের জন্য মহাগুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। কারণ টাইগারদের বিপক্ষে হারলে সেমিফাইনালে যাওয়াটা কঠিন হয়ে যাবে তাদের জন্য। এ ছাড়া বাংলাদেশের বিপক্ষে জয় পাওয়ার সঙ্গে নেট রানরেটও বাড়িয়ে নেয়ার সুযোগ থাকছে অস্ট্রেলিয়ার।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ থাকলেও জাম্পার দাবি, অস্ট্রেলিয়ার আপাতত লক্ষ্য বাংলাদেশ। জাম্পা বলেন, ‘আমরা জানি, আমাদের ওপর অনেক চাপ। আমাদের রান রেট কিছুটা কম। তাই পরের দুটি ম্যাচ বেশ গুরুত্বপূর্ণ। এরপরের ম্যাচটি একটু বেশি গুরুত্বপূর্ণ। তাই আমরা বেশ মনোযোগ দিয়েই বাংলাদেশের বিপক্ষে খেলতে নামব।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »