ম্যাচ হারের কষ্ট সইতে না পারায় অবসরের ঘোষণা আসগরের

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

 

সদ্য আন্তর্জাতিক সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন আফগানিস্তানের সাবেক অধিনায়ক আসগর আফগান। তারকা এই ক্রিকেটার জানিয়েছেন, পাকিস্তানের কাছে এমন হারের কারণেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হয়েছিল আফগানিস্তান। সেই ম্যাচে লড়াই করেও জয় জয় করতে পারেনি তারা। যদি পাকিস্তানের বিপক্ষে জয় করা সম্ভব হতো তাহলে সেমিফাইনালের সমীকরণ অনেক সহজ হয়ে যেত আফগানদের। আর সেই হার মেনে নিতে না পারায় এমন সিদ্ধান্ত নিয়েছেন আসগর।

লেগ স্পিনার রশিদ খান ম্যাচের পর সমর্থকদের কাছে ক্ষমাও চেয়েছিলেন। কিন্তু আসগর নিয়ে বসেছেন বড় এক সিদ্ধান্ত। বিশ্বকাপের মাঝপথেই তিনি দিয়ে বসেছেন অবসরের ঘোষণা।

নামিবিয়ার বিপক্ষে দেশের হয়ে নিজের ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলতে নেমে আসগর ২৩ বলে ৩১ রানের ইনিংস খেলেন। দলীয় ইনিংস শেষে তিনি জানান অবসরের কারণ। আসগর বলেন, ‘আমি তরুণদের সুযোগ দিতে চাই। আমার মনে হচ্ছে এখনই এর ভালো সুযোগ।’

কেন বিশ্বকাপের মাঝপথেই অবসর নিচ্ছেন, এমন প্রশ্নের জবাবে তার ভাষ্য, ‘এই প্রশ্ন আমাকে সবাই-ই করছে। কিন্তু আমি বলে বুঝাতে পারব না। গত ম্যাচে আমরা অনেক কষ্ট পেয়েছি। এ কারণেই অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

আসগর আরও বলেন, ‘অনেক স্মৃতি জমেছে। আমার জন্য এটা কঠিন সিদ্ধান্ত। কিন্তু আমাকে অবসর নিতে হবে।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »