নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
চলমান টি২০ বিশ্বকাপে তিন ম্যাচ খেলে তিনটিতে হেরে বিশ্বকাপ থেকে বিদায় মোটামুটি নিশ্চিত করে রেখেছে বাংলাদেশ।বিশ্বকাপে বাংলাদেশ দলের ব্যাটিং ইউনিট প্রত্যাশা পূরণ করতে পারেনি, মনে করছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বর্তমান নির্বাচক হাবিবুল বাশার।
শ্রীলঙ্কার বিপক্ষে ১৭১ রান ছাড়া চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাটিং ইউনিটের বলার মত সাফল্য নেই একটিও। যদিও শ্রীলঙ্কার বিপক্ষেও দল জিততে পারেনি। ব্যাটিংয়ের এই দৈন্যদশা নিয়ে হতাশা প্রকাশ করেছেন নির্বাচক হাবিবুল বাশার সুমন।তিনি বলেন, ‘ব্যাটিংটা আসলেই আমাদের ভুগিয়েছে। আমরা কিন্তু ম্যাচগুলোতে জয়ের সুযোগ তৈরি করেছিলাম। শ্রীলঙ্কার সঙ্গে ভালো ব্যাটিং করেছিলাম। এছাড়া বাকি ম্যাচগুলোতে আমরা ভালো ব্যাটিং করতে পারিনি আসলে। এই টুর্নামেন্টে ব্যাটিংয়ে যে প্রত্যাশা ছিল, আমরা তার কাছাকাছি যেতে পারিনি।’
পাওয়ার প্লে তে দুর্বলতার কারণেই মূলত বড় রান করতে পারছে না টাইগাররা। পাওয়ার প্লে কাজে লাগানো নিয়ে বাশার বলেন, ‘বিশেষ করে পাওয়ার প্লেতে আমাদের ব্যাটিংয়ে অনেক উন্নতি করতে হবে; যদি আমরা টি-টোয়েন্টিতে ধারাবাহিকভাবে ভালো করতে চাই, বড় আসরে ভালো করতে চাই। তাই অবশ্যই ব্যাটিংয়ে আমাদের উন্নতি করতে হবে। আর নিচের দিকেও কিন্তু আমাদের পাওয়ার হিটার দরকার।’
