নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের কাছে বাংলাদেশের পরাজয়ের মূল কারণ হিসেবে ব্যাটিং ব্যর্থতাকেই দায়ী করেছেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। রিয়াদের মতে, শুরুতে ব্যাট হাতে ভালো রান এনে দিতে না পারাই কাল হয়েছে দলের জন্য।
টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ জড়ো করে মাত্র ১২৪ রান। তৃতীয় ওভারেই হারিয়ে ফেলে দুই ওপেনারকে।
তাই স্বল্প পুঁজি নিয়ে বাংলাদেশ প্রত্যাশিত লড়াই করতে পারেনি। ম্যাচ শেষে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ জানালেন, ব্যাটিং ব্যর্থতার কারণেই এমন পরাজয় বরণ করে নিতে হয়েছে।
তিনি বলেন,’‘যেভাবে ব্যাটিং করেছি তাতে অবশ্যই হতাশ। উইকেট ভালো ছিল, কিন্তু আমরা ভালোভাবে শুরু করতে পারিনি, কোনো পার্টনারশিপও গড়তে পারিনি। এসব উইকেটে ভালো শুরু না পেলে বড় রান করা কঠিন।’’
টি-টোয়েন্টি ফরম্যাটে ব্যাপ্তি কম হওয়ায় দ্রুত রান তোলা থাকা জরুরী। কিন্তু মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, নুরুল হাসান সোহানরা উইকেটে অনেকক্ষণ থেকেও রানের গতি বাড়াতে পারেননি। রিয়াদ অবশ্য এই পাওয়ার হিটিংয়ের অভাব বোধ করছেন না এখনও।
রিয়াদ বলেন,”আমাদের দলে পাওয়ার হিটারের চেয়ে স্কিলড হিটার বেশি, এটা আমরা বদলাতেও চাই না। কারণ বিশ্বাস করি, ভালো সংগ্রহ দাঁড় করানোর সামর্থ্য আমাদের আছে। আমার মনে হয় ব্যাটিং নিয়ে আমাদের আবার বসা দরকার।”
