ডেস্ক রিপোর্ট »
বাছাই পর্ব থেকেই হোচোট খেলে বিশ্বকাপ মিশন শুরু করেছিল বাংলাদেশ। মূল পর্বে এসেও শ্রীলংকার বিপক্ষে জিততে জিততে হেরে যায় মাহমুদুল্লাহ রিয়াদের দল। সামনের ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ, এই ম্যাচে তিন বিভাগে ভালো করতে চায় বলে জানিয়েছেন টাইগার ওপেনার নাঈম শেখ ।
টি২০ ক্রিকেটের ১৪ বছর পর হলেও কখনো ইংল্যান্ডের মুখোমুখি হয়নি বাংলাদেশ। এবার প্রথমবারের মতো টি২০ তে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ইংল্যান্ড কঠিন প্রতিপক্ষ হলেও তিন বিভাগে ভালো করে এই ম্যাচে জয় তুলে নিতে চায় বাংলাদেশ।
স্কটল্যান্ডের বিপক্ষে বোলিং ভালো হলেও হার জুটেছিল ব্যাটিংয়ের কারণে। জয় পাওয়া সত্ত্বেও ওমানের বিপক্ষে ব্যাটিং ও পাপুয়া নিউগিনির বিপক্ষে বোলিং নিয়ে সমালোচনার সুযোগ ছিল। শ্রীলঙ্কার কাছে হার দেখতে হল বোলিংয়ের পাশাপাশি ফিল্ডিংয়ের ব্যর্থতায়। অথচ ব্যাটাররা এই ম্যাচে ভালোই করেছিলেন।তাই বলা যায়, বিশ্বকাপে কোনো ম্যাচেই এখনও ব্যাটিং, বোলিং, ফিল্ডিং তিন বিভাগে জ্বলে উঠতে পারেনি বাংলাদেশ। শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে তাই দলের ওপেনার নাঈম শেখের প্রত্যাশা, দল ভালো করবে তিন বিভাগেই।
নাঈম বলেন, ‘আমরা অনেক দিন ধরে এখানে আছি, এই কন্ডিশন মোটামুটি ভালো মানিয়ে নিয়েছি। কাল কোনো এক ভুলের কারণে জিততে পারিনি। সামনে ম্যাচ বাই ম্যাচ ফোকাস করে, তিন ডিপার্টমেন্টে ভালো করার লক্ষ্য থাকবে।’
উইকেট ও কন্ডিশনে নাঈম দিচ্ছেন বাড়তি গুরুত্ব। নিজে যেহেতু ব্যাটার, তাই ব্যাটিং ইউনিট নিয়েই বেশি ভাবনা তার। ব্যাট হাতে ভালো করার জন্য কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়ার ওপর গুরুত্ব আরোপ করেছেন তিনি।
নাঈম বলেন, ‘প্রথমে উইকেট বোঝা যায় না। উইকেট সম্পর্কে ধারণা নিয়ে যেকোনো একটা লক্ষ্য মাথায় রাখতে হয়। ভালো শুরুর পর আমি, সাকিব ভাই, মুশফিক ভাই সবাই কন্ডিশন অনুযায়ী ব্যাট করার চেষ্টা করেছি, কত রান করলে ডিফেন্ড করতে পারব। কাল জেতার মত স্কোর বোর্ডে ছিল।’
