নাইম শেখের যেনো রানের ক্ষুধা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

শ্রীলঙ্কার বিপক্ষে হারটা হতাশায় পুড়িয়েছে দর্শক, সমর্থক, ক্রিকেটারসহ সবাইকে। বাংলাদেশ দলের মধ্যে নাঈম শেখ হয়তো একটু বেশিই কষ্ট পেয়ে থাকতে পারেন। কারণ, ব্যাট হাতে দলকে লড়াকু স্কোর এনে দিতে বড় অবদান ছিল এ তরুণ ওপেনারের। ক্যারিয়ারের চতুর্থ ও বিশ্বকাপে নিজের দ্বিতীয় হাফ সেঞ্চুরির ম্যাচে দলকে জিততে দেখেননি তিনি। ৫২ বলে ৬টি চারে ৬২ রানের ইনিংস খেলেছিলেন নাঈম।

চলতি বছর ভালোই ছন্দে আছেন এ তরুণ। তামিম ইকবালের অনুপস্থিতিতে নিয়মিত খেলেছেন তিনি। বিশ্বকাপেও ৩ ম্যাচে দুটি হাফ সেঞ্চুরি করেছেন। ওপেনিংয়ে আস্থা যোগাচ্ছে তার ব্যাট। লঙ্কানদের বিপক্ষে লিটন দাসের সঙ্গে ওপেনিংয়ে ৪০, সাকিবের সঙ্গে ১৬ রানের জুটি গড়েন নাঈম। পরে তৃতীয় উইকেটে মুশফিকের সঙ্গে তার ৭৩ রানের যুগলবন্দিতেই ১৭১ রানের পুঁজি গড়েছিল বাংলাদেশ। কিন্তু ফিল্ডিংয়ে লিটন দাসের দুই ক্যাচ মিসেই হারের হতাশায় ডুবে যায় টাইগাররা।

নাঈম অবশ্য ওপেনার হিসেবে নিয়মিত রান করাকেই বেশি গুরুত্ব দেন। ঘরোয়া কিংবা আন্তর্জাতিক ম্যাচ, তার রানের ক্ষুধা একই রকম। তবে আন্তর্জাতিক ক্রিকেটে একটু বেশি ফোকাস থাকতে হয় বলে জানিয়েছেন ২২ বছর বয়সী এ ব্যাটসম্যান।

সোমবার (২৫ অক্টোবর) বিশ্রামের দিনে নিজের রানের ক্ষুধা নিয়ে বাঁহাতি এ ওপেনার বলেছেন, ‘আসলে সবসময়ই আমি চাই রান করতে। রান করলে যে কোনো ব্যাটারের আত্মবিশ্বাস বেশি থাকে। কোনো ইভেন্ট থাকলে তো আমার বেশি ফোকাস থাকে। ঘরোয়া ইভেন্টে থেকে আন্তর্জাতিক ফোকাসটা বেশি রাখতে হয় ধারাবাহিক রান করার জন্য।’

তবে নাঈমের ব্যাটিং নিয়ে উচাটান আছে অনেকের মনে। শুরুতে ধীর গতিতে খেলেন, পুরো ইনিংসে স্ট্রাইক রেট টি-টোয়েন্টি সুলভ নয়। অবশ্য ইনিংস লম্বা করতে পারেন তিনি। এবং একপ্রান্ত আগলে খেলতে পারেন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »