ডেস্ক রিপোর্ট »
একটা কথা আমরা জানি এবং সবাই বলি—ক্যাচ মিস তো ম্যাচ মিস! আর সেটা কত বড় সত্য, তা এ ম্যাচে বাংলাদেশ খুব ভালোভাবেই বুঝেছে। আমি তো বলব, ওই দুটি ক্যাচ মিসই বাংলাদেশকে হারিয়েছে। আমার মনে হয়, শুধু আমি নই, যাঁরা খেলা দেখেছেন, তাঁদের সবাই এই একই কথা বলবেন।
গত কিছুদিন বাংলাদেশের ব্যাটিংয়ের যে অবস্থা দেখেছি, সেই তুলনায় এ ম্যাচে ব্যাটিং অনেক ভালো হয়েছে। মুশফিকুর রহিমের রান পাওয়াটা ভালো ব্যাপার ছিল। সব বিবেচনায় বাংলাদেশের ১৭১ রানকে ভালো সংগ্রহই বলব আমি। কিন্তু রানটা আরেকটু বেশি হতে পারত। শারজার বাউন্ডারি একটু ছোট। এখানে বাংলাদেশের ব্যাটসম্যানদের উচিত ছিল ছোট মাঠের সুবিধা নিয়ে আরও বেশি বাউন্ডারি আর ওভার বাউন্ডারি মারা। কিন্তু সেটা তারা পারেনি।
ধরুন যে আরও দুটি ছয় বা দুটি চার বেশি মারত বাংলাদেশ। তাতেই-বা কী হতো! ২০ বা ২৫ রানই বেশি হতো। কিন্তু লিটন যেভাবে দুটি সহজ ক্যাচ মিস করেছে, এভাবে করলে আপনি যত রানই করুন না কেন, ম্যাচ জেতা যায় না। এমনিতে লিটন খুব ভালো ফিল্ডার, ও কীভাবে এমন ক্যাচ ফেলল, সেটা বুঝতে পারছি না। ব্যাটে রান পাচ্ছে না, সমালোচনা হচ্ছে—সব মিলিয়ে হয়তো সে বিষণ্নতায় ভুগছে। এ কারণেই হয়তো বল ঠিকভাবে দেখতে পায়নি।
