ভাবনাতে সব প্রতিপক্ষকে শ্রীলংকা ভাবতে চান মুশফিক

ডেস্ক রিপোর্ট »

টি২০ ক্রিকেটে ফর্ম যেন একেবারেই পক্ষে কথা বলছিলো না মুশফিকের। একের পর এক ব্যর্থতা যেন ছেয়ে ধরেছিলো দেশসেরা এই ব্যটারকে ।তবে সুপার টুয়েলভে শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ এক হাফ সেঞ্চুরিতে নিজেকে ফিরে পাওয়ার রসদ ‍পেয়েছেন তিনি। লঙ্কানদের বিপক্ষে নিয়মিত রান পাওয়ায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাসির ছলে মুশফিক জানিয়েছেন, তিনি সব প্রতিপক্ষকেই এখন থেকে শ্রীলঙ্কা ভাববেন। 

 

 

 

শ্রীলঙ্কার বিপক্ষে বরাবরই দুর্দান্ত মুশফিক। ক্রিকেটের যেকোন ফরম্যাটে লঙ্কানদের বিপক্ষে দারুণ ব্যাটিং করেন তিনি। টেস্ট ক্যারিয়ারের প্রথম দ্বিশতকের দেখা পেয়েছিলেন শ্রীলংকার বিপক্ষে, ওয়ানডে ও টি২০ তে নিজের ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস ও শ্রীলঙ্কার বিপক্ষে।ওয়ানডেতে এশিয়া কাপে খেলেছিলেন ১৪৪ রানের ইনিংস, নিদহাস ট্রফিতে শ্রীলংকার বিপক্ষে টি২০ সর্বোচ্চ ৭২ করেন তিনি ।

 

 

এখন পর্যন্ত শ্রীলঙ্কার বিপক্ষে ১৫ টেস্টে ৭ হাফ সেঞ্চুরির সঙ্গে এক সেঞ্চুরিতে ১০৪৩ রান করেছেন মুশফিক। ওয়ানডেতেও ব্যাট হাতে দুর্দান্ত তিনি। লঙ্কানদের বিপক্ষে ৩৩ ম্যাচ খেলা মুশফিক ৫ হাফ সেঞ্চুরি ও ২ সেঞ্চুরিতে ডানহাতি এই ব্যাটার ১০২০ রান করেছেন।টি-টোয়েন্টিতে ১১ ম্যাচ খেলে ৩৫৩ রান করেছেন মুশফিক। যেখানে কোন সেঞ্চুরি না থাকলেও হাফ সেঞ্চুরি করেছেন চারটি।

 

বিশ্বকাপেও নিজেকে যখন ফিরে পাচ্ছিলেন না তখন সেই শ্রীলঙ্কার বিপক্ষেই ৩৭ বলে ৫৭ রানের ইনিংস। প্রতিপক্ষ হিসেব লঙ্কানদের পেলেেই জ্বলে উঠেন মুশফিক।

 

তাদের নিয়ে বাড়তি কোন পরিকল্পনা থাকে কিনা এমন প্রশ্নের জবাবে মুশফিক বলেন, ‘প্রথমত এরকম কখনও মনে হয় না। প্রত্যেকটা প্রতিপক্ষের বিপক্ষে চেষ্টা থাকে যে দলের জন্য ধারাবাহিকভাবে যতটা অবদান রাখতে পারি। আসলে ব্যক্তিগতভাবে ভালো করে লাভ নেই।’

 

বাংলাদেশের সাবেক এই অধিনায়ক আরও বলেন, ‘আমার দল যদি না জেতে তাহলে আমার কাছে এটার কোন মূল্য নেই। আপনার কথা শুনে মনে হলো পরবর্তীতে যার সঙ্গে খেলা হবে মনে করতে হবে যে শ্রীলঙ্কার সঙ্গে খেলা। তাহলে হয়তো আমার আরও ভালো করার সুযোগ থাকবে।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »