মুশফিক-নাইমের ফিফটিতে টাইগারদের বড় সংগ্রহ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

নিজেদের প্রথম ম্যাচে টসে হেরে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে টাইগারদের সংগ্রহ ১৭১ রান। ওপেনার নাইম শেখ এবং মুশফিকের ফিফটি বড় সংগ্রহ পেয়েছে তারা।

সঠিক সময়ে যেন জ্বলে উঠলো অভিজ্ঞ মুশফিকুর রহিমের ব্যাট। আজ (২৪ অক্টোবর) শারজায় টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। এতে ৩২ বলে নিজের অর্ধশতক পূর্ণ করেছেন মুশফিক। অর্ধশতক করেছেন ওপেনার নাঈম শেখও।

এই দু’জনের ব্যাটে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৭১ রান সংগ্রহ করেছে টাইগাররা। দলের পক্ষে সর্বোচ্চ ৬২ রান করেছেন নাঈম শেখ এবং মুশফিকুর রহিম করেন ৫৭ রান।

এর আগে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় লঙ্কানরা। দারুণ শুরু এনে দেন দুই ওপেনার নাঈম শেখ ও লিটন দাস। তবে দলীয় ৪০ রানের মাথায় ব্যক্তিগত ১৬ রান করে ফিরে গেছেন লিটন দাস। আর পাওয়ার-প্লেতে বাংলাদেশের সংগ্রহ ৪১ রান। এরপর আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান সাকিব আল হাসান। করুণারত্নের দুর্দান্ত একটি ডেলিভারিতে বোল্ড হয়েছেন তিনি। তার আগে দুই চারের সাহায্যে ৭ বলে ১০ রান করেন।

এর পরই নাঈম শেখকে নিয়ে জুটি গড়ে তোলেন মুশফিক। দু’জনে মিলে ৭৩ রানের জুটি গড়েন। দলীয় ১২৯ রানের মাথায় ব্যক্তিগত ৬১ রান করে ফিরে যান নাঈম। ৫২ বলে সাজানো তার ইনিংসটিতে ছিল ৬টি চারের মার।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »