নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশের টি২০ দলে এখন সবথেকে বড় সমস্যার জায়গা ওপেনিং । লিটন, নাঈম সৌম্য কেউই যেন নিয়মিত হতে পারছেন না ওপেনিংয়ে ।চলমান বিশ্বকাপেও ভালো শুরুর দেখা পাচ্ছে না বাংলাদেশ । তবে সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে আগামীকাল লিটন – নাঈম জুটির উপর ভরসা রাখছেন হেড কোচ রাসেল ডমিঙ্গো।
তামিম ইকবাল না থাকাতে নির্ভার থাকতে পারছে বাংলাদেশের বিশ্বকাপ দলে থাকা ওপেনাররা। নির্ভার থেকেও যেন বড় জুটি পাচ্ছে না ওপেনারদের থেকে। প্রথম পর্বে তিনটি ম্যাচেই বড় জুটি গড়তে ব্যর্থ ওপেনাররা। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে উদ্বোধনী জুটিতে ছিলেন লিটন দাস ও সৌম্য সরকার। সেই ম্যাচে এই জুটি থেকে আসে কেবলই ৮ রান।
ওমানের বিপক্ষে একাদশ থেকে বাদ পড়েন সৌম্য। তার পরিবর্তে মোহাম্মদ নাঈম দলে ঢুকলেও সেদিনও জুটি বড় হয়নি। মাত্র ১১ রান এসেছে এই জুটি থেকে। অবশ্য লিটন রান না পেলেও প্রথম ম্যাচেই ৬৪ রানের ইনিংস খেলেন নাঈম।
পাপুয়া নিউগিনির বিপক্ষে শেষ ম্যাচে ইনিংসের দ্বিতীয় বলেই ০ রানে সাজঘরে ফিরেন নাঈম। সেদিন লিটন করেছিলেন ২৯ রান। ওপেনারদের ব্যর্থতার মিছিলে গ্রুপ পর্ব পার হলেও টিম ম্যানেজমেন্টের সবচেয়ে চিন্তার কারণ হতে পারে এই পজিশন।
ওপেনিংয়ে এমন জর্ণাদশায় দলের হেড কোচ রাসেল ডমিঙ্গো জানিয়ে দিলেন শ্রীলঙ্কার বিপক্ষেও ওপেনিংয়ে থাকবেন লিটন ও নাঈম। সংবাদ সম্মেলনে ওপেনিংয়ে কোনো পরিবর্তন আনা হবে কি না এমন প্রশ্ন করা হলে ডমিঙ্গো সাফ জানিয়ে দেন ‘না’। ওপেনিং জুটিতে ব্যর্থতার পাশাপাশি টিম ম্যানেজমেন্টের সবচেয়ে বেশি দুশ্চিন্তার জায়গা পাওয়ার-প্লে। অন্যান্য দলগুলো যেখানে পাওয়ার-প্লের সুবিধা নিচ্ছে সেখানে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। ডমিঙ্গো বলছেন টুর্নামেন্টে ভালো করতে হলে পাওয়ার-প্লেতে রান তোলা ছাড়া উপায় নেই।
তিনি বলেন, “পাওয়ার-প্লের সুবিধা নেওয়া এখানে গুরুত্বপূর্ণ। কারণ যে দলগুলো পাওয়ারপ্লেতে বেশি রান করছে, তাঁদের ম্যাচ জেতার সম্ভবনা বেশি থাকে। আমি মনে করি আগামীকাল ব্যাট ও বলের সঙ্গে প্রথম ছয় ওভারও গুরুত্বপূর্ণ হবে।”
