টি -টোয়েন্টির ট্রফি জয়টাই হবে ক্যারিয়ারের সেরা অর্জনঃ রাবাদা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতাই দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার কাগিসো রাবাদার ক্যারিয়ারে হবে সেরা অর্জন। সোমবার (১৮ অক্টোবর) সংবাদমাধ্যমে বলেন, দক্ষিণ আফ্রিকা কোনো ব্যাগেজ ছাড়াই টুর্নামেন্ট শুরু করবে এবং আশা করি এরমাধ্যমেই ট্রফির খরা শেষ করতে পারবে। দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি জিততে পারলে তাদের ক্রিকেট ইতিহাসের সেরা অর্জন হবে বলে মনে করেন দক্ষিণ আফ্রিকার এই পেস মেশিন।

প্রোটিয়ারা ছয়টি শর্টার ফরম্যাট বিশ্বকাপে ২০০৯ ও ২০১৪ সালে দুইবার বাদ পড়েছে শেষচারে। এমনকি ১৯৯৯ সালের ঢাকায় অনুষ্ঠিত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বাদে আফ্রিকানদের ঘরে নেই আইসিসির আর কোন ট্রফি। বারবার সেমিফাইনালে হোচট খাওয়া দলটির নামই হয়ে গেছে চোকার। তবে এবার আত্মবিশ্বাসী রাবাদা জানান, এবারের বিশ্বকাপেই ঘোচাবেন এই অপবাদ। তবে রাবাদা বলেছেন, আমি এটা নিয়ে খুব বেশি কথা বলতে চাই না, আমাদের সামনে একটা চ্যালেঞ্জ আছে। আমরা একই মানসিকতা নিয়ে আসছি, আমাদের সেই সামর্থ আছে কি নেই সেটা মাঠের খেলায় প্রমাণ হবে।

বিশ্ব আসরে প্রোটিয়া সিনিয়র দলের তেমন কোন অর্জন না থাকলেও জুনিয়র দলের রয়েছে সে সাফল্য। আর তা এসেছে রাবাদাদের হাত ধরেই। ২০১৪ সালে সংযুক্ত আরব আমিরাতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে চ্যাম্পিয়নের মুকুট মাথায় পড়েন কাগিসো রাবাদা। তাই বিশ্বসেরা হওয়ার স্বাদ কেমন তা জানা আছে প্রোটিয়া এই পেসারের।

বিশ্বকাপের আগে ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলংকা ও আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জেতে দক্ষিণ আফ্রিকা। সেই আত্মবিশ্বাসটাই হয়তো কাজে দেবে প্রোটিয়াদের এই বিশ্বকাপে। আগামী ২৩ অক্টোবর অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে দক্ষিণ আফ্রিকা।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »