চ্যাম্পিয়ন হওয়ার জন্যই খেলবে সিলেট: এনামুল হক জুনিয়র

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

এনামুল হক জুনিয়র! টাইগার ক্রিকেট ইতিহাসের অন্যতম প্রতিভাবান স্লো লেফট আর্ম অর্থোডক্স স্পিনারদের একজন। ২০০৫ সালে তাঁর অসাধারণ বোলিং পারফরমেন্সের উপর ভর করে নিজেদের টেস্ট ইতিহাসে প্রথম জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ।২০০৩ সালে ইংল্যান্ডের বিপক্ষে মাত্র ১৭ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় জুনিয়রের। ২০১৩ সালে সাদা পোশাকে দেশের হয়ে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি।

নিউজক্রিকেট টুয়েন্টিফোর’কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে “এনামুল হক জুনিয়র” কথা বলেছেন আজ থেকে শুরু হতে যাওয়া জাতীয় লীগ, টি-টুয়েন্টি বিশ্বকাপ ও নিজের বর্তমান ক্যারিয়ারের বিভিন্ন খুঁটিনাটি বিষয় নিয়ে।

নিউজক্রিকেটকে দেওয়া এনামুল হক জুনিয়রের সাক্ষাৎকারের চম্বুকাংশ নিম্নে তুলে ধরা হলো:

**নিউজক্রিকেট: আগামীকাল থেকে শুরু হচ্ছে জাতীয় লীগ।আপনি খেলছেন জন্মস্থান সিলেট থেকে।এবারের লিগ নিয়ে আপনার পরিকল্পনা ও প্রত্যাশা কি?

**এনামুল হক জুনিয়র: প্রথম প্রত্যাশা হলো অবশ্যই আমি ভাল খেলা। আর দ্বিতীয় প্রত্যাশা হচ্ছে আমার দল যেন চ্যাম্পিয়ন হয়। আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই লীগ শুরু করবো। আলাহামদুলিল্লাহ আমাদের এবারের প্রস্তুতিও যথেষ্ট ভাল। আশা করি আমরা ভাল ক্রিকেট খেলবো এবং চ্যাম্পিয়ন হবো।

**নিউজক্রিকেট: অভিজ্ঞ ও তারন্যের সমন্বয়ে মোটামুটি দারুণ একটি দল সিলেটের।আপনি, আলক কাপালি, তান্না, রাহি এদের মতো অভিজ্ঞ ক্রিকেটারদের সাথে তরুন সাকিব,রাজা,অমিত,গালিবদের মতো ক্রিকেটার। সবমিলিয়ে এমন দল নিয়ে এবারের জাতীয় লিগে সিলেটের লক্ষ্য কি?

**এনামুল হক জুনিয়র: অবশ্যই আমাদের প্রথম লক্ষ্যই চ্যাম্পিয়ন হওয়া। আমি আগেও বলেছি চ্যাম্পিয়ন হওয়ার জন্যই আমরা এবারের লিগে মাঠে নামবো। আর আমি আমাদের জন্য এবার দারুণ সুযোগ দেখছি। আপনি দেখুন, আমাদের এবারের টিমে ৪-৫ জন বোলার আছে যারা এই মুহুর্তে জাতীয় দলের হয়ে টেস্ট খেলে যাচ্ছে, এই এডভান্টেজটা আমাদের অনেকটা এগিয়ে রাখবে। এছাড়া আমরা কঠোর পরিশ্রম করেছি, প্রেকটিস করেছি, এসব আমাদের মাঠের ক্রিকেটে সাহায্য করবে। ইনশাআল্লাহ আমরা চ্যাম্পিয়ন তকমা নিয়েই লিগ শেষ করবো।

**নিউজক্রিকেট: জাতীয় লীগ শেষে উইকেট শিকারের তালিকায় নিজেকে কোথায় দেখতে চান?

**এনামুল হক জুনিয়র: অবশ্যই আমি এবারের লিগের সর্বোচ্চ উইকেট শিকারী হতে চাই। আশা করি আমি আমার সামর্থ্য অনুযায়ী নিজের সেরাটা দিতে পারলে এটা অসম্ভব না। আমার প্রথম লক্ষ্যই থাকবে উইকেট নেওয়া এবং দলের জয়ে ভূমিকা রাখা।

**নিউজক্রিকেট: আসন্ন বিপিএলে দল পাওয়া নিয়ে কতটুক আশাবাদী?

**এনামুল হক জুনিয়র: আমি আশাবাদী এবারের বিপিএলেও দল পাওয়া নিয়ে। আর ম্যাচ খেলার সুযোগ পেলে নিজেকে উজাড় করে দিয়ে দলের জয়ে ভূমিকা রাখতে চাই। সর্বশেষ ঢাকা প্রিমিয়ার লিগেও আমি আলাহামদুলিল্লাহ ভাল করেছি। সেই সুবাদে আমি অবশ্যই আশাবাদী দল পাওয়া নিয়ে।

**নিউজক্রিকেট: আগামীকাল থেকে শুরু হচ্ছে বাংলাদেশ এর টি-টিয়েন্টি বিশ্বকাপ মিশন। বাংলাদেশের এই দলটি নিয়ে আপনি কতটুক আশাবাদী এবারের বিশ্বকাপে।

**এনামুল হক জুনিয়র: এই দলটির সামর্থ্য আছে ভালো করার। আমি আশা করি আগামীকাল স্কটল্যান্ডকে হারিয়ে আমরা শুভসূচনা করবো। অভিজ্ঞ ও তারন্যের সমন্বয়ে দারুণ একটি দল পাঠানো হয়েছে।
সর্বশেষ সিরিজ গুলোতেও এরা ভাল ক্রিকেট খেলেছে। আমি আশাবাদী এই দলটি এবারের বিশ্বকাপে ভাল করবে।

**নিউজক্রিকেট: বাংলাদেশের টেস্ট ইতিহাসে প্রথম জয়ের নায়ক আপনি, বাংলাদেশের প্রথম টেস্ট জয়ের কথা উঠতেই আপনাকে স্মরন করা হয়।এটি নিয়ে আপনার অনুভতি জানতে চাই।

**এনামুল হক জুনিয়র: আসলে এই অনুভতি মুখে বলে বুঝানো সম্ভব নয়। যখন প্রথম টেস্ট জয়ের সাথে আমাকে স্মরণ করা হয় তখন নিজেকে নিয়ে অনেক গর্ব হয়।আগামী ৫০ বছর পরও, যখন বাংলাদেশ টেস্ট ইতিহাসের প্রথম জয় নিয়ে কথা হবে তখনও আমার নামটা আসবে। এটি আমার জন্য অনেক গর্বের, এই অনুভতি ভাষায় প্রকাশ করার মতো নয়।

**নিউজক্রিকেট: আপনাদের সিলেট ক্রিকেটার্স এসোসিয়েশনের উদ্দ্যেগে সিলেট টি-টুয়েন্টি ব্লাস্টে নামক দারুণ একটি লিগ লিগ আয়োজন করেছিলেন। সিলেট টি-টুয়েন্টি ব্লাস্টের পরের আসর আয়োজনের ব্যাপারে কি ভাবছেন?

**এনামুল হক জুনিয়র: ইনশাআল্লাহ, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের একই সময়ে (ফেব্রুয়ারি) আমরা সিলেট টি-টুয়েন্টি ব্লাস্টের দ্বিতীয় আসর আয়োজন করবো। ইতিমধ্যে আমরা আমাদের পরিকল্পনা সাজাতে শুরু করে দিয়েছি। তবে এইটুক বলতে পারি, গত আসরের তুলনায় এবারের আসর আরো জাঁকজমক ভাবে করার ইচ্ছে আছে আমাদের। যথাসময়ে সিলেট টি-টুয়েন্টি ব্লাস্টের সফল আয়োজনের ব্যাপারে আমি আশাবাদী।

**নিউজক্রিকেট:  এখনো কি জাতীয় দলে ফেরার স্বপ্ন দেখেন?

**এনামুল হক জুনিয়র: অবশ্যই, অবশ্যই স্বপ্ন দেখি। এই স্বপ্ন নিয়েই তো এখনো ক্রিকেট খেলে যাচ্ছি। যতদিন আমার ফিটনেস ঠিক থাকবে, ততদিন এই স্বপ্ন লালন করেই আমি ক্রিকেট খেলে যাবো।আমি আমার সামর্থ্য অনুযায়ী ঘরোয়া ক্রিকেটে সবসময় ভাল করার চেষ্টা করবো, নির্বাচকরা কখনো প্রয়োজন মনে করলে অবশ্যই ডাকবেন।ইনশাআল্লাহ কোন একদিন স্বপ্ন পূরন হবে।লাল-সবুজের জার্সি আবারো গায়ে জড়ানোর স্বপ্ন নিয়েই এখনো ক্রিকেট খেলে যাচ্ছি।

**নিউজক্রিকেট: ক্রিকেটের মানুষ আপনি, তো ক্রিকেটকে বিদায় জানানোর পর পরিকল্পনা কি আপনার? ক্রিকেটের সাথেই থাকবেন?

**এনামুল হক জুনিয়র: আমি ক্রিকেটের মানুষ, ক্রিকেট ছাড়া থাকা আমার জন্য কঠিন হয়ে যাবে।তাই ক্রিকেট ছাড়ার পরও ক্রিকেটের সাথেই যুক্ত থাকতে চাইবো।

নিউজক্রিকেট: অসংখ্য ধন্যবাদ আপনাকে,  আপনার মুল্যবান সময় দিয়ে আমাদের সহযোগীতা করার জন্য।

এনামুল হক জুনিয়র: আপনাকেও অসংখ্য ধন্যবাদ।আমার জন্য দোয়া করবেন, যেন সুস্থসবল ভাবে ক্রিকেটের সাথেই থাকতে পারি।

উল্লেখ্য, এনামুল হক জুনিয়র এখন অব্দী দেশের হয়ে ১৫ টেস্টে ৪৪ ও ১০ ওয়ানডে ম্যাচ খেলে নিয়েছেন ১৪ উইকেট। জাতীয় দলের হয়ে ২০১৩ সালে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ টেস্ট ম্যাচ খেলেছিলেন তিনি। জাতীয় দলে ফেরার স্বপ্ন নিয়ে এখনো খেলে যাচ্ছেন ক্রিকেট, ঘরোয়া ক্রিকেটে আলো ছড়াচ্ছেন নিয়মিত, এনামের বিশ্বাস নিজেকে প্রমান করে কোন একদিন আবারো ফিরবেন জাতীয় দলের জার্সি গায়ে।

 

নিউজক্রিকেট  || মারুফ ইসলাম ইফতি

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »