প্রস্তুতি ম্যাচে ভরাডুবি টাইগারদের আত্মবিশ্বাসে ভাটা পরেনি

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

বিশ্বকাপের মূল লড়াই শুরুর আগে আনুষ্ঠানিক দুই প্রস্তুতি ম্যাচে ভরাডুবি টাইগার বাহিনীর, তবে এ নিয়ে চিন্তিত নয় টিম ম্যানেজমেন্ট। দলের আত্মবিশ্বাসেও ভাটা পরেনি এতটুকুন। বরং পূর্ণ শক্তির দল পেলে ঠিকই পথ খুঁজে পাবে বলে বিশ্বাস নির্বাচক হাবিবুল বাশার সুমনের।

প্রথম পর্বে মাঠে নামার আগে দলের সবার মানসিক ও শারিরীকভাবে সুস্থ থাকাটাই বেশি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করছেন তিনি। এদিকে, আবুধাবি থেকে ওমান ফিরে শুক্রবার (১৫ অক্টোবর) অনুশীলন করেনি বাংলাদেশ দল।

উড়ন্ত আত্মবিশ্বাস নিয়ে বাংলাদেশ থেকে ওমানে পা রেখেছিল বাংলাদেশ দল। টানা তিন সিরিজ জয়ের সুখস্মৃতি। আনঅফিশিয়াল প্রস্তুতি ম্যাচে লিটন-নাঈমের ঝড়ো ব্যাটিং প্রত্যাশার ফানুস আরও বড় বেড়েছিল। কিন্তু আবুধাবির দুই ম্যাচ বাস্তবতা স্পষ্ট করে দিলো যেন। যাতে বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশ দল নিয়ে অনেকের মনেই নানা প্রশ্ন।

শ্রীলঙ্কা-আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচে ষোলোআনা ব্যর্থ ওপেনাররা। বিশ্বকাপের প্রথম পর্বে বাংলাদেশ খেলতে নামবে টানা দুই ম্যাচে হারের বোঝা নিয়ে। উইনিং মোমেন্টাম নিয়ে বিশ্বকাপ শুরু করার গুরুত্বটা বলছেন নির্বাচক হাবিবুল বাশারও।

বিসিবির এই নির্বাচক বলেন, ‘প্রত্যাশা বেশি ছিল। অনুশীলন ম্যাচে কিছু জিনিস চেষ্টা করেছি। তবে আমাদের মূল একাদশ খেলতে পারেনি। সাকিবকে পাওয়া যায়নি। ক্যাপ্টেন মাহমুদউল্লাহও ছিল না। আরেকটু ভালো আশা ছিল। টপ অর্ডার থেকে বড় রান হলে ভালো হতো। তবে সবাই এখনো আত্মবিশ্বাসী।‘

রাতেই আবুধাবি থেকে ওমানে ফিরেছে বাংলাদেশ দল। তবে শুক্রবার অনুশীলন করেনি টিম টাইগার্স। খেলোয়াড়দের ফর্মের সঙ্গে চিন্তার বিষয় ইনজুরিও। তিন ম্যাচের একটিও খেলেননি অধিনায়ক মাহমুদউল্লাহ। ছোটখাটো চোট আছে আরও দু-একজনের। মাঠের পারফরম্যান্সের সঙ্গে এখন বড় চিন্তাও যেন ইনজুরি।

বিশ্বকাপে সব খেলোয়াড়কে ফর্মে পাওয়াটাও গুরুত্বপূর্ণ। অনেকে ফর্ম হারিয়ে ফেলেন। যেটা সমস্যা হয়। হাবিবুল বাশার সুমন বলেন, ‘ইনজুরি একটা বড় কনসার্ন। তার ওপর টানা ম্যাচের ধকল। সবাই ভালো করতে চায়। ভালো করতে আসে। ভুল কম করা গুরুত্বপূর্ণ। দল হিসেবে আমরা ভালো। সবাই যেন সুস্থ থাকে আর সেরা খেলাটা যেন দিতে পারে।’

তিনি বলেন, ‘দল যথেষ্ট আত্মবিশ্বাসী। প্রস্তুতি ম্যাচের ফল নিয়ে ভাবছি না। বিশ্বকাপে কেমন চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে তার ধারণ হয়েছে। আমরা প্রস্তুত। মূল পর্বে দলের পারফরম্যান্স ভালো হবে।’

আগামীকাল রোববার (১৭ অক্টোবর) স্কটল্যান্ডের বিপক্ষে প্রথমপর্বের ম্যাচে নামার আগে শনিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় অনুশীলন করবে টিম টাইগার্স।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »