নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আজ আইসিসি প্রস্তুতি ম্যাচের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ দল এবং তাদের প্রতিপক্ষ আয়ারল্যান্ড।পূর্বঘোষিত সূচি অনুযায়ী, ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ সময় রাত ৮টায়। তবে দিবারাত্রির ম্যাচটি দিনের আলোয় সম্পন্নের সিদ্ধান্ত হয়েছে। সেক্ষেত্রে আবুধাবির কড়া রোদের মধ্যেই খেলতে হবে টাইগারদের।
ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় সকাল ১০টায়, অর্থাৎ বাংলাদেশ সময় দুপুর ১২টায়।
টাইগাররা ইতোমধ্যে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছে। শ্রীলঙ্কার বিপক্ষে সেই ম্যাচে অবশ্য বরণ করতে হয়েছে ৪ উইকেটের পরাজয়। তার আগে অনানুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে ওমান ‘এ’ দলের বিপক্ষে জয় পেয়েছিল দল।
বাংলাদেশের প্রথম প্রস্তুতি ম্যাচে পিঠের ব্যথার কারণে খেলেননি নিয়মিত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও তার না খেলার সম্ভাবনা বেশি। আইপিএলে থাকায় খেলা হবে না সাকিব আল হাসানেরও। রিয়াদের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন লিটন দাস।
আয়ারল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ শেষ করে বৃহস্পতিবারই আবুধাবি ছাড়বে বাংলাদেশ দল। বাংলাদেশ সময় রাত এগারোটায় টাইগারদের বহর বিশ্বকাপে দলের প্রথম পর্বের ভেন্যু ওমানের উদ্দেশে যাত্রা করবে।
