সিরিজের শেষ ম্যাচে দারুন জয় পেল বাংলাদেশ “এ” দল

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

বাংলাদেশ “এ” দল ও “হাই পারফরম্যান্স” ইউনিটের মধ্যকার ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে এইচপি দলকে ৫ উইকেটে পরাজিত করেছে বাংলাদেশ এ দল। টস হেরে আগে ব্যাটিং করে এইচপি দল ১৯২ রান সংগ্রহ করে। তার জবাবে ইমরুল কায়েস, মোসাদ্দেক হোসেনের ব্যাটে সহজেই ৫ উইকেটের জয় পেয়ে যায় বাংলাদেশ ‘এ’ দল।

টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ‘এ’ দল। এইচপির দুই ওপেনার মুনিম শাহরিয়ার ও তানজিদ হাসান তামিম যথাক্রমে ৯ রান ও ১২ রান করেন। পারভেজ হোসেন ইমনের ব্যাট থেকে আসে ৪১ রান, যা এইচপির ইনিংসে সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ। অধিনায়ক তৌহিদ হৃদয় করেন ২৮ বলে ২৪ রান।

শাহাদাত হোসেন দীপুর ব্যাট থেকে আসে ৫৯ বলে ৩৪ রান। সুমন খান করেন ৪৬ বলে ২৭ রান। নাঈম-তাইজুলদের সামনে এইচপির তরুণরা ১৯২ রানেই আটকে যায়। নাঈম ৩০ রান খরচায় ৩ উইকেট এবং তাইজুল ৪২ রান খরচায় নেন ৩টি উইকেট। রাকিবুল হাসান ২৬ রানের বিনিময়ে ২টি উইকেট পান।

টার্গেটে ব্যাট করতে নেমে ইনিংসের শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ ‘এ’ দল। নাজমুল হোসেন শান্ত ২৮ বলে ২২ রান, সাদমান ইসলাম ১১ বলে ৫ রান, ইরফান শুক্কুর ১৫ বলে ২১ রান ও অধিনায়ক মুমিনুল হক ২১ বলে ১১ রান করে সাজঘরে ফেরেন। ৮১ রানেই ৪ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ ‘এ’ দল।

নিয়মিত বিরতিতে উইকেট হারানোর পরও ‘এ’ দলকে জয়ের পথে রাখেন ইমরুল ও মোসাদ্দেক। ৫৪ বলে ৪৯ রান করে মুকিদুল ইসলাম মুগ্ধর শিকার হন ইমরুল। ১৩২ রানে পঞ্চম উইকেট হারায় দল। ইয়াসির আলির সাথে ৫১ রানের অপরাজিত জুটি গড়ে দলের জয় নিশ্চিত করেন মোসাদ্দেক।

দলকে জেতানোর পথে ঝড়ো অর্ধশত রানের ইনিংস খেলেন মোসাদ্দেক। তিনি অপরাজিত থাকেন ৪৮ বলে ৬৪ রানে। স্ট্রাইকরেট ১৩৩.৩৩। তার ব্যাট থেকে আসে ৫টি চার ও ৪টি ছক্কা। ইয়াসির খেলেন ১৯ বলে ২১ রানের হার না মানা ইনিংস। ফলে ১৭ ওভার হাতে রেখেই ৫ উইকেটের বড় জয় পায় ‘এ’ দল। এইচপির পক্ষে ২টি উইকেট পান তানজিম হাসান সাকিব।

সংক্ষিপ্ত স্কোর

বিসিবি এইচপি দল ১৯২/১০ (৪৮.১ ওভার)
ইমন ৪১, দীপু ৩৪, সুমন ২৭, হৃদয় ২৪;
নাঈম ৩/৩০, তাইজুল ৩/৪২, রাকিবুল ২/২৬।

বাংলাদেশ ‘এ’ দল ১৯৩/৫ (৩৩ ওভার)
মোসাদ্দেক ৬৪*, ইমরুল ৪৯, শান্ত ২২, ইয়াসির ২১*;
সাকিব ২/৪৩।

বাংলাদেশ ‘এ’ দল ৫ উইকেটে জয়ী।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »