নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সবকিছু ঠিক থাকলে আগামী ১৭ অক্টোবর থেকে শুরু হওয়ার কথা টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই আসরে বাংলাদেশ বিশ্বকাপের জন্যই খেলবে, এমনটিই জানিয়েছেন দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম।
দলের সিনিয়র ক্রিকেটার মুশফিক বিশ্বকাপে বাংলাদেশের অন্যতম অভিজ্ঞ একজন। ২০০৭ সাল থেকে বাংলাদেশের হয়ে সবকটি আসরেই প্রতিনিধিত্ব করছেন তিনি। এ বিষয়ে গর্ববোধ করে তিনি বলেন, ‘বাংলাদেশের হয়ে যেকোনো ম্যাচই গুরুত্বপূর্ণ। আমি অনেক গর্ব অনুভব করি, কারণ সবার এই সুযোগ হয় না। আপনি যখন ৪-৫টি বৈশ্বিক আসর খেলেছেন তখন আপনার প্রতি সবার প্রত্যাশা একটু বেশি থাকবেই। সেভাবেই নিজেকে প্রস্তুত রাখার চেষ্টা করি।’
বিশ্বকাপ খেলতে ওমানে উড়াল দেওয়ার আগে মুশফিকের প্রত্যাশা, বিশ্বকাপ জয়ের লক্ষ্যেই খেলবেন এবারের আসরে। তিনি বলেন, ‘আগামী ২-৩ দিনের মধ্যে আমরা বিশ্বকাপের উদ্দেশে যাব। আমি মনে করি যে এটা সঠিক সময় এবং সেরা সময়। আশা করছি এ বছর…কয়েকদিনের মধ্যে যে আমরা যাচ্ছি বিশ্বকাপের জন্য, সেখানে আমি যেন সামনে থেকে পারফর্ম করতে পারি এবং দল যেন চ্যাম্পিয়নশীপের জন্য লড়াই করতে পারে।’
টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্স সন্তুষজনক না হলেও দল রয়েছে জয়ের ধারায়। জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতে দলের আত্মবিশ্বাসের পারদও ওপরের দিকে।
এই আত্মবিশ্বাসই মুশফিককে যোগাচ্ছে বাড়তি উদ্যম। তিনি বলেন, ‘টি-টোয়েন্টিতে ধারাবাহিক খেলাও কঠিন, আবার ফলাফল কী হবে তা বলাও কঠিন। এখানে নির্দিষ্ট দিনে ভালো খেললে যে কেউ যে কাউকে হারিয়ে দিতে পারে। দল গত ৩-৪ সিরিজ যেভাবে খেলেছে, এই আত্মবিশ্বাস বড় টুর্নামেন্টের আগে দরকার। গত ৩ মাস যেভাবে পারফর্ম করেছি এটা বজায় থাকলে ইনশাআল্লাহ্ অনেক দূর যেতে পারব।’
‘দল হয়ে খেললে ফলাফল দলের পক্ষেই আসবে। পাঁচ বছর আগে সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছি। চেষ্টা করব আরও বেশি অবদান রাখার।’– বলেন তিনি।
