নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
নিউজিল্যান্ড দল পাকিস্তান সফর বাতিল করাই বিশ্বকাপে নিউজিল্যান্ডকে বয়কটের আহ্বান জানিয়েছেন পাকিস্তানের কিংবদন্তি ব্যাটসম্যান ইউনিস খান। একইসাথে দ্বিপাক্ষিক সিরিজের ক্ষেত্রে সমঝোতা স্মারকের বিষয়টি আরও পাকাপোক্ত করার আহ্বান জানিয়েছেন তিনি।
নিউজিল্যান্ড সিরিজ বাতিলকে কেন্দ্র করেও তার অভিযোগের তীর খানিকটা পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) দিকে। নিউজিল্যান্ডকে যেন পিসিবি বিশ্বকাপে বয়কট করে, ইউনিস পরোক্ষভাবে জানিয়েছেন সেই আহ্বানও।
তিনি বলেন,”নিউজিল্যান্ডের নিরাপত্তা সংস্থা যদি মনে করে তাদের ওপর হামলার আশঙ্কা আছে, তাহলে তারা সিরিজ থেকে বেরিয়ে যেতেই পারে। কিন্তু পাকিস্তানের উচিত টি-টোয়েন্টি বিশ্বকাপে তারা নিউজিল্যান্ডের সঙ্গে খেলবে কি না সেই সিদ্ধান্ত নেওয়া।’’
ইউনিস জানিয়েছেন, পিসিবির উচিৎ নিজেদের জাতীয় দলের প্রতি আরও যত্নশীল হওয়া। পাশাপাশি দ্বিপাক্ষিক সিরিজের চুক্তি স্বাক্ষরে আরও কৌশলী হওয়ার পরামর্শ ইউনিসের।
তিনি বলেন,”আপনি যদি পাকিস্তানে নিজেদের জাতীয় দলকে সম্মান না করেন, তাহলে বিশ্বের কোনো দেশ আপনাকে সম্মান করবে না। এটা কথা কম বলে কাজ করার সময়। এই সময়টায়, আমি মনে করি আমাদের দেখার মত কেউ নেই। মুসলিম হিসেবে আমাদের ভালো ব্যবহার করতে হবে এবং দেশের প্রতিনিধিত্ব করতে হবে। কিন্তু সবার আগে সমঝোতা স্মারকে স্বাক্ষর করতে হবে।”
