নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
নিউজিল্যান্ডের পর ইংল্যান্ডও পাকিস্তান সফর বাতিল করেছে। পাকিস্তান সফরে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েও ইংল্যান্ড সেই প্রতিশ্রুতি রক্ষা না করায় হতাশা প্রকাশ করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান রমিজ রাজা।
১৬ বছর পর সম্প্রতি পাকিস্তান সফরে গিয়েছিল নিউজিল্যান্ড জাতীয় দল। তবে গত শুক্রবার (১৭ সেপ্টেম্বর) দুই দলের লড়াই মাঠে গড়ানোর প্রাক্বালে নিরাপত্তাহীনতা ও হুমকির কারণ দেখিয়ে কিউইরা পাকিস্তান সফর বাতিল করে। এরপর সোমবার (২০ সেপ্টেম্বর) ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডও (ইসিবি) তাদের পুরুষ ও নারী দলের পাকিস্তান সফর বাতিল করেছে।
ইংল্যান্ডের পাকিস্তান সফরের প্রতিশ্রুতি ভঙ্গ বেশ হতাশ করেছে বোর্ডের নতুন অভিভাবক রমিজ। এক টুইট বার্তায় তিনি লিখেছেন,’‘ইংল্যান্ড তাদের প্রতিশ্রুতি রক্ষা না করায় এবং যখন সবচেয়ে বেশি পাশে থাকা দরকার ছিল তখন ভ্রাতৃত্ববোধ না দেখানোয় আমি হতাশ। তবে আমরা ইনশাআল্লাহ্ টিকে থাকব।’’
রমিজ আরও উল্লেখ করেছেন,’‘এটা পাকিস্তানের জন্য জেগে ওঠার বার্তা, বিশ্বের সেরা দল হওয়ার জন্য। যা হতে পারলে কোনো অজুহাত ছাড়াই দলগুলো পাকিস্তানের বিপক্ষে খেলার জন্য লাইনে দাঁড়াবে।”
