তামিমের সাহসী সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন মাশরাফি-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

আসন্ন টি-টুয়েন্টি বিশ্বকাপে খেলবেন না দেশসেরা ওপেনার তামিম ইকবাল। গতকাল নিজের অফিশিয়াল ফেসবুক পেজ হতে একটি ভিডিও বার্তায় তামিম নিজেকে আসন্ন এই আসর থেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দেন।
তামিম তার ভিডিও বার্তায় খোলসা করে সবকিছু উপস্থাপন করেছেন, ঠিক কি কি কারনে তিনি নিজেকে গুটিয়ে নিচ্ছেন এবারের আসর থেকে।

চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন ও প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর সঙ্গেও এই ব্যাপারে আলোচনা করেন তিনি। তামিমের যুক্তি শুনে তামিমের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ক্রিকেট বোর্ডও। আসন্ন টি-টিয়েন্টি বিশ্বকাপে তামিমকে ছাড়াই বাংলাদেশ খেলছে এটা একপ্রকার নিশ্চিত।

সতীর্থ তামিম ইকবালের এমন সাহসী সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তামিমের এমন সিদ্ধান্তের পর নিজের ব্যক্তিগত ফেসবুক একাউন্ট থেকে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন মাশরাফি।
মাশরাফির মতে, এটি তামিম ইকবালের ব্যক্তিগত ও দারুণ সাহসী একটি সিদ্ধান্ত। তামিমের এই সিদ্ধান্তকে সবার সম্মান জানানো উচিত।

মাশরাফি আরো লিখেছেনঃ তামিম যে সিদ্ধান্ত নিয়েছেন, এর পেছনে বেশ কিছু যুক্তি আছে, ‘কোনো সন্দেহ নেই তামিম বাংলাদেশের সেরা ব্যাটসম্যানদের একজন। ওর পরিসংখ্যানও তা-ই বলে। টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার সব যোগ্যতাই ওর আছে। ক্রিকেট বোর্ড, টিম ম্যানেজমেন্ট সবাই ওকে টিমে রাখবে, এটা সবারই জানা। তামিম কেন এ সিদ্ধান্ত নিল, তার যুক্তিও আছে অনেক।

তামিম যে কারণ গুলো উপস্থাপন করেছে নিজেকে সরিয়ে নেওয়ার ক্ষেত্রে, প্রত্যেকটি কারণকে যুক্তিক হিসেবে দেখছেন নড়াইল এক্সপ্রেস। এই ব্যাপারে মাশরাফি লিখেছেনঃ তামিমের চোট, এটা প্রথম ব্যাপার। তার ওপর সে গত চারটি সিরিজের ১৬টা ম্যাচ খেলতে পারেনি। কোনো ম্যাচ না খেলে হঠাৎ করে মাঠে নামার পর নিজের ওপর বিশাল চাপ সৃষ্টি হবে। পরে সেটি ওয়ানডে আর টেস্টেও রয়ে যেতে পারে।

তামিমের পরিবর্তে সর্বশেষ ১৬ ম্যাচে যে তরুন ক্রিকেটাররা খেলে গেছেন, তাদের পরিশ্রম ও সামর্থ্যের প্রতিও তামিম যথেষ্ট সম্মান প্রদর্শন করেছেন এই সাহসী সিদ্ধান্তের মধ্য দিয়ে। গতকাল নিজের ভিডিও বার্তায় তামিম অকপটে স্বিকার করেছেন, তিনি বাইরে থেকে এসে হুট করে দলে যোগ দিলে তাঁদের প্রতি অন্যায় করা হয়।আর এটি স্বয়ং তামিমের কাছে ঠিক মনে হচ্ছিল না! আর তাই অনেক চিন্তাভাবনা করেই এমন সিদ্ধান্ত তামিমের।

  • জুনিয়র ক্রিকেটারদের নিয়ে তামিমের এই চিন্তাধারাকে স্বাগত জানিয়ে মাশরাফি আরো লিখেনঃ হুট করে দলে ঢুকে গেলে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ড্রেসিংরুম তামিমকে কতটা আন্তরিকতার সঙ্গে ‘গ্রহণ’ করত, সেটি নিয়ে সন্দেহ আছে। আর সেটি মনেপ্রাণে ভেবেই তামিম বিশ্বকাপ দল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। ‘সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে, তামিমকে ড্রেসিংরুমে সবাই খুবই পছন্দ করে। কিন্তু ১৬টি আন্তর্জাতিক ম্যাচ বা অনুশীলন ম্যাচ ছাড়া দলে ঢুকলে এবার ওকে সবাই কতটা স্বাগত জানাত, সেটি হয়তো ওকে ভাবিয়েছে।

দলের কথা বিবেচনা করে এবং তরুন ওপেনারদের সুযোগ করে দিতে তামিমের এমন সাহসী সিদ্ধান্ত ভবিষ্যতে ওয়ানডে অধিনায়ক হিসেবে দলে তাঁর গ্রহণযোগ্যতা আরও বাড়াবে বলেই মনে করেন মাশরাফি।

এই ব্যাপারে মাশরাফি লিখেন: কোনো কোনো সিদ্ধান্ত মানুষের জীবন পাল্টে দেয়। এ সিদ্ধান্তের পর তামিম যখন পরের ম্যাচে ওয়ানডে অধিনায়ক হিসেবে মাঠে নামবে, তখন সৌম্য, লিটন, নাঈমরাই ওর জন্য জীবন বাজি রেখে খেলবে। কারণ, কেউ রাখুক আর না-ই রাখুক, তামিম ওদের কঠোর পরিশ্রমের প্রতি শ্রদ্ধা রেখেছে।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »