আগামী বছরের শুরুতে বিপিএল আয়োজন করতে চায় বিসিবি

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

করোনার প্রভাবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আয়োজন নিয়ে টালবাহানায় পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড( বিসিবি)। ২০১৯ সালের জানুয়ারিতে বিপিএলের সপ্তম আসর অনুষ্ঠিত হয়েছিল। এর পর আর আয়োজন করা সম্ভব হয়নি। তবে আগামী বছরের জানুয়ারিতে এ টুর্নামেন্টটি আয়োজন করতে চায় বিসিবি। এমনটাই জানিয়েছেন বিসিবি বোর্ড পরিচালক খালেদ মাহমুদ সুজন।

চলতি বছরের নভেম্বর-ডিসেম্বরে বিপিএল অনুষ্ঠিত হবার কথা ছিল। কিন্তু জাতীয় দলের খেলোয়াড়দের ব্যস্ত সূচি ও করোনা ভাইরাসের কারণে এ বছর বিপিএল আয়োজন করা সম্ভব হচ্ছেনা।

তবে আগামী বছরের শুরুতেই বিপিএল আয়োজন করার পরিকল্পনা হাতে নিয়েছে বিসিবি। এ বিষয়ে খালেদ মাহমুদ সুজন বলেছেন, ‘নভেম্বর থেকে আমরা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগ ক্রিকেট শুরু করার পরিকল্পনা আছে। যেহেতু জানুয়ারিতে বিপিএলের একটা ডেট আছে আমাদের। এছাড়াও প্রথম শ্রেনীর ক্রিকেট শুরু হচ্ছে অক্টোবর থেকে। ঢাকা লিগও আমরা করবো তবে মনে হয় না মার্চের আগে কিছু করতে পারবো। তবে আমাদের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগের খেলা শুরু করা খুব দরকার’

২০১৯ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে নিয়মিত ফ্র্যাঞ্চাইজিদের বাদ দিয়ে বিশেষ বিপিএল আয়োজন করা হয়েছিলো। দলগুলোর স্পন্সরশীপ দিয়ে টুর্নামেন্ট আয়োজন হয়েছিলো। সফলভাবে টুর্নামেন্টটি আয়োজনের পর, ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্টের নামকরণ বঙ্গবন্ধু বিপিএল হিসাবে প্রতি বছর আয়োজন করার সিদ্ধান্ত নেয় বিসিবি।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »