নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ভারত যখন প্রথমবারের মত বিশ্বকাপজয় (১৯৮৩) করে তখন সেই দলের সদস্য ছিলেন রবি শাস্ত্রী। আন্তর্জাতিক ক্রিকেটেও ভারতকে নেতৃত্বও দিয়েছেন তিনি। বর্তমানে তিনি ভারতের প্রধান কোচের দায়িত্ব পালন করছেন। সেই শাস্ত্রীকে নিয়ে সাবেক ভারতীয় অধিনায়ক কপিল দেব বললেন, শাস্ত্রী কোনো প্রতিভা ছাড়াই সর্বোচ্চ পর্যায়ে ক্রিকেট খেলেছেন।
তারপরেও অবশ্য শাস্ত্রীর প্রশংসাও করেছেন কপিল। বরং কপিল শাস্ত্রীকে সেই ধরণের ক্রিকেটারদের একজন মনে করেন, যারা প্রতিভা ছাড়াও ক্রিকেট মাঠে চমৎকার কিছু করে দেখাতে পারে।
শাস্ত্রী সম্পর্কে কপিল বলেন,”শাস্ত্রী এমন একজন ক্রিকেটার যার কোনো প্রতিভা ছিল না। কিন্তু দীর্ঘদিন সর্বোচ্চ পর্যায়ে খেলেছে। আমি মনে করি, এটা তার কৃতিত্ব । মাঠে চমৎকার কিছু করে দেখানোর ক্ষমতা ছিল ওর। দুই ধরনের ক্রিকেটার আছে। কেউ হয় প্রচণ্ড প্রতিভাবান অথচ নিজেকে যেভাবে মেলে ধরতে পারে না। আবার কেউ কেউ প্রতিভা নিয়ে আসে না, অথচ বহু দিন ধরে খেলে যায়।”
কপিল আরো বলেন,”শাস্ত্রীর মধ্যে ভালো কিছু করে দেখানোর তাড়না ছিল। দলের সম্পদ ছিল সে। আমরা প্রায়ই বলতাম, রবি যদি ৩০ ওভার খেলে ১০ রান করে, তবুও ক্ষতি নেই। ৩০ ওভার খেলাই বড় ব্যাপার। বল পুরনো হয়ে গেলে তখন রান করা আমাদের আমাদের জন্য সহজ হয়ে যেত।”
শাস্ত্রীকে যে কপিল প্রতিভাবান ক্রিকেটার মনে করেন না, সেটা তিনি স্বয়ং শাস্ত্রীকেও সরাসরি বলেছেন,”আমি শাস্ত্রীকেও বলেছি যে, ওর কোনো প্রতিভা নেই। সেজন্যই আমি ওর প্রশংসা করি। খুব ভালো ক্রীড়াবিদ নয় সে। আরেকজন হচ্ছে অনিল কুম্বলে। সেও ভালো ক্রীড়াবিদ ছিল না, কিন্তু কী অসাধারণ পারফরম্যান্স। ওর থেকে ভালো আর কেউ নেই।”
