নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
গতকাল ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) অ-খেলোয়াড় সুলভ আচরণের কারণে শাস্তির মুখে পড়তে চলেছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক সাকিব আল হাসান। মাঠের মধ্যে আইন ভঙ্গের অভিযোগে শাস্তি হিসেবে নিষেধাজ্ঞা ও জরিমানা দুই-ই পেতে পারেন সাকিব।
গতকাল শুক্রবার (১১ জুন) মুশফিকের এলবিডব্লিউর আবেদনে সাড়া না দেওয়ায় আম্পায়ারের ওপর অসন্তোষ প্রকাশ করে প্রথমে লাথি দিয়ে স্ট্যাম্প ভেঙে ফেলেন সাকিব। এরপর বৃষ্টির কারণে খেলা বন্ধের জেরে হাত দিয়ে স্ট্যাম্প তুলে তা মাটিতে আছাড় মারেন। এরপর আবার বাকবিতণ্ডায় জড়ান আবাহনী কোচ খালেদ মাহমুদ সুজনের সাথে।
ম্যাচ শেষে ম্যাচ রেফারি মোর্শেদুল আলমের কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ করা হয়েছে। সাকিবের দোষের মাত্রা বিবেচনা করে তাকে শাস্তি দেবেন ম্যাচ রেফারি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক আম্পায়ার জানিয়েছেন, নিষেধাজ্ঞা ও জরিমানা দুই-ই পেতে পারেন সাকিব। সেক্ষেত্রে অন্ততপক্ষে ৩ ম্যাচের নিষেধাজ্ঞা ও ম্যাচ ফি’র বড় অংশ জরিমানা গুনতে হতে পারে সাকিবকে।
ঐ আম্পায়ারের ভাষায়,”এ ধরনের ঘটনায় ম্যাচের নিষেধাজ্ঞা ও অর্থ জরিমানার বিধান রয়েছে। সাকিবের বেলাতে সেটাই ঘটতে যাচ্ছে।’’
