নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সময়ে সময়ে নানা পদক্ষেপ নিচ্ছে পাকিস্তান সুপার লীগ কতৃপক্ষ তবুও যেন টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব হচ্ছে না। জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি লীগটি মাঠে গড়াতে অনেক কাঠখড় পোড়াতে হচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে। আগামী জুন মাসের শুরুতে আসরের বাকি অংশ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ভেন্যু নিয়ে সিদ্ধান্ত না হওয়ায় অপেক্ষা অধিকতর হচ্ছে। আগামী ৫ জুন থেকে আবারও পিএসএল শুরুর পরিকল্পনা করেছে আয়োজক কতৃপক্ষ।
অবশ্য এর আগে সব ক্রিকেটার সহ সংশ্লিষ্টদের ১০ দিনের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করা হয়েছে। পিএসএলের টিম মালিক জানিয়েছেন, এসব বিষয়ে সিদ্ধান্তে পৌঁছেছে পিসিবি ও এমিরেটস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
কোয়ারেন্টাইনের আওতায় থাকবেন ব্রডকাস্টিং ক্রুরাও। পাকিস্তানের সংবাদমাধ্যম জানিয়েছে, ২৫ মের মধ্যেই সব ক্রিকেটার ও কর্মকর্তাদের আরব আমিরাতে পৌঁছানোর নির্দেশনা দেওয়া হয়েছে। দেশে তিন দিনের কুয়ারেন্টাইন পালন শেষে, পাকিস্তানের ক্রিকেটাররা বিশেষ বিমানে আরব আমিরাতে পৌঁছাবেন। এবং সেখানে ছয়টি দলের আলাদা আলাদা হোটেল ব্যাবস্থা থাকবে।
আরব আমিরাতের ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে পিএসএল আয়োজন নিয়ে শঙ্কা দেখা দিয়েছিল। যদিও পরবর্তীতে পিসিবিকে সবুজ সঙ্কেট দিয়েছে ইসিবি।
গত ৪ মার্চ মাত্র ১৪ ম্যাচ পর করোনার সংক্রমণের ফলে পিএসএল স্থগিত ঘোষণা করা হয়েছিল। সে সময় বেশ কয়েকজন ক্রিকেটার ও কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়েছিলেন।
