নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ভারতে দিনের পর দিন বেড়েই চলেছে করোনা ভাইরাস। এর মাঝেই দেশটিতে চলছিলো ইন্ডিয়ান প্রিমিয়ার (আইপিএল) লিগের আসর। হঠাৎ করেই তিনটি দলের বেশ কয়েকজন ক্রিকেটার ও কর্মকর্তা করোনা আক্রান্ত হন এরপরই অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয় এ টুর্নামেন্ট।
এমন ভয়াবহ পরিস্থিতির মধ্যে কোনো ক্রিকেট ম্যাচের মানে দেখেন না ইংল্যান্ডের সাবেক অধিনায়ক নাসের হোসাইন। তিনি মনে করেন আইপিএস বন্ধ করে দেয়া ছাড়া আর উপায় ছিল না বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) কাছে।
তিনি বলেছেন,”আইপিএল বন্ধ করে দেওয়া ছাড়া আর কোনো বিকল্প ছিল না। বিশেষ করে, এত জায়গায় জৈব-সুরক্ষা বলয় ভেঙে যাওয়ার পর। যথেষ্ট হয়েছে। এটা স্রেফ ক্রিকেট খেলার চেয়েও অনেক বড় ব্যাপার।”
অনেকে আবার এই মহামারীতে মানুষকে ঘরে রাখতে এবং বিনোদন দিতে এই টুর্নামেন্ট চালিয়ে যেতে চান। যারা সামনে থেকে এমন বলছিলো তারাও অস্বস্তিতে ছিলেন বলে মনে করেন নাসের।
তাঁর ভাষ্য,”ক্রিকেটাররা নির্বোধ কিংবা অনুভূতিহীন নয়। ভারতে কী হচ্ছে, তারা নিশ্চয়ই সব জানত। টিভিতে তারা অবশ্যই দেখেছে, লোকে হাসপাতালের বিছানা আর অক্সিজেনের জন্য হাহাকার করছে। তারা নিশ্চয়ই দেখেছে, ক্রিকেট মাঠের বাইরে অব্যবহৃত অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে। তাদের নিশ্চয়ই তখন মনে হয়েছে, এই অবস্থায় খেলে যাওয়া ঠিক কি না। অবশ্যই অস্বস্তিতে পড়েছে তারা।”
