ডমিঙ্গোর চিন্তা রিয়াদ-সৌম্যদের নিয়ে

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বর্তমান সময়ে জাতীয় দলের বাইরে যে সকল ক্রিকেটাররা রয়েছেন তাদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। দল থেকে বাদ পড়া কিংবা চোটের কারণে দলের বাইরে অবস্থান করা এমন সব ক্রিকেটাররা যেন নিজেদের প্রস্তুত রাখার সুযোগ-সুবিধা পান, সেদিকে গুরুত্ব আরোপ করেছেন তিনি।

ডমিঙ্গো জানান তিনি বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের প্রধান ও জাতীয় দলের লঙ্কা সফরের টিম লিডার খালেদ মাহমুদ সুজনের সাথেও এসব বিষয়ে আলোচনা করেছেন।

ডমিঙ্গো বলেন,”এটা নিয়ে আমি কিছুদিন ধরে চাচার (খালেদ মাহমুদ সুজন) সাথে কথা বলছি। আমরা নিশ্চিত করতে চাই, যে খেলোয়াড়রা জাতীয় দলের বাইরে থাকে তারা যেন একটা প্রক্রিয়ার মাঝে থাকে। উদাহরণ হিসেবে বলেছি সৌম্য, মাহমুদউল্লাহর কথা। এখন কে তাদের খেয়াল রাখছে? তারা এখন কী করছে? সুযোগ-সুবিধা সব পাচ্ছে?”

যারা দলের বাইরে থাকেন বা আছেন, তাদের নিজেদের প্রস্তুতির দিকটা নিজেদেরই দেখভাল করতে হয়। কাজটি সহজ নয়, বুঝতে পারছেন ডমিঙ্গোও। তাই তার চাওয়া, তাদের তদারকির জন্য আলাদা কোনো ব্যবস্থা থাকুক।

তিনি বলেন,”এটা কঠিন তাদের জন্য (প্রস্তুতি ঠিকভাবে চালিয়ে যাওয়া) তাই এই বিষয়ে দৃষ্টি দেওয়া উচিৎ। যখন কোনো খেলোয়াড় কোনো ফরম্যাটের দলের সাথে নেই, তখন খেয়াল রাখতে হবে তারা যেন পর্যাপ্ত সুবিধা পায়। এটা আমাদের জন্য চ্যালেঞ্জ এবং আমরা বিষয়টি নিয়ে ভাবছি। আশা করি ভবিষ্যতে সমাধান পাওয়া যাবে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »